বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্তর্বর্তী সরকার একটি ব্যতিক্রমধর্মী অধ্যায়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকারও তার ব্যতিক্রম নয়। গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া এ সরকারকে ঘিরে শুরু থেকেই যেমন উচ্চ প্রত্যাশা ছিল, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে নানা বিতর্ক, সমালোচনা ও অভিযোগও সামনে এসেছে। ফলে সরকারটির ১৮ মাসের কর্মকাণ্ড নিরপেক্ষভাবে মূল্যায়নের দাবি এখন নতুন করে আলোচনায় এসেছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, ড. মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক লক্ষ্য ছিল বিএনপিকে রাজনীতির বাইরে সরিয়ে দেওয়া এবং নির্বাচন বিলম্বিত করে ক্ষমতায় থাকা। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দুর্বল হয়ে যাওয়ার পর বিএনপিকেও রাজনীতি থেকে সরিয়ে জামায়াত ও এনসিপির জন্য রাজনৈতিক পরিসর তৈরি করার পরিকল্পনা ছিল। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও সমানভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন, তবু অভিযোগগুলো জনপরিসরে গুরুত্ব পাওয়ায় সেগুলোর সত্যতা যাচাই করা জরুরি হয়ে উঠেছে।
এর আগে জাতীয় সংসদে বাজেট আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও অন্তর্বর্তী সরকারের সময়কার কর্মকাণ্ড তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেন। তার মতে, আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলেও যে-সব অভিযোগ উঠেছে, সেগুলো দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। সরকারের ঘোষিত স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতির সঙ্গে এ ধরনের তদন্তের দাবি সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কোনো সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটি তদন্তের আওতায় আনা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচিত বা অনির্বাচিত— যে ধরনের সরকারই হোক না কেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে গৃহীত সিদ্ধান্ত ও কর্মকাণ্ড সম্পর্কে জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয়। কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষমতা জনগণের স্বার্থ রক্ষার জন্যই প্রয়োগ করা হয়।
অন্তর্বর্তী সরকারের সময় বিচার বিভাগ, প্রশাসন, সরকারি নিয়োগ, অর্থনৈতিক সিদ্ধান্ত, স্বাস্থ্য খাত, সরকারি ক্রয় এবং বিভিন্ন নীতিগত বিষয়ে নানা অভিযোগ ও প্রশ্ন উত্থাপিত হয়েছে। কোথাও দুর্নীতির অভিযোগ, কোথাও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, আবার কোথাও সিদ্ধান্ত গ্রহণের বৈধতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব অভিযোগের অনেকগুলো এখনো যাচাই হয়নি। তাই অভিযোগগুলো কতটা বাস্তব এবং কতটা রাজনৈতিক বক্তব্য— সেটি নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমেই নির্ধারণ করা সম্ভব।
সময়ের আলো/আআ