অস্ট্রেলিয়া সফরের শুরুতেই বাংলাদেশ দলের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে ঘিরে ছিল শঙ্কা। এর মধ্যে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। তবে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকা তাসকিন আহমেদ নিজের শারীরিক অবস্থার উন্নতিতে আশাবাদী। একই সঙ্গে জাতীয় দলের এই গতি তারকা জানিয়েছেন, খুব শিগ্গিরই আবারও নাহিদ রানার সঙ্গে একই দলে মাঠে নামার প্রত্যাশা করছেন তিনি।
শনিবার (১ আগস্ট) চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাসকিন নিজের বর্তমান অবস্থার কথা জানান। সেখানে তিনি লিখেছেন, আশা করছি আমাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সঙ্গে আবারও একসঙ্গে মাঠে খেলতে পারব।
আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য চিকিৎসক ড. ড্রর মাওরকে আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি আমাদের বাংলাদেশি ভাই বাবুকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন। এখন অপেক্ষা অস্ট্রেলিয়া সিরিজে মাঠে নামার।
বাংলাদেশ দলের জন্য নাহিদের অনুপস্থিতি বড় ধাক্কা হলেও তাসকিনের ইতিবাচক বার্তা কিছুটা স্বস্তি দিচ্ছে সমর্থকদের। দলের প্রধান পেসার দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে বলেই আশা করা হচ্ছে।
আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে শুক্রবার রাতে প্রথম ধাপে ১৭ সদস্যের বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে। এখন সবার অপেক্ষা তাসকিনের সুস্থতা এবং ভবিষ্যতে আবারও তাসকিন-নাহিদ জুটিকে একসঙ্গে মাঠে দেখা।
সময়ের আলো/কেএইচ