নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সদস্য পদ পেয়েছে দেশের জনপ্রিয় পত্রিকা সময়ের আলো। রোববার (২ আগস্ট) নোয়াবের সভাপতি এবং দৈনিক মানবজমিনের সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, নোয়াবের নির্বাহী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সময়ের আলোকে সংগঠনটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান বলেন, ‘দেশের সংবাদপত্র মালিকদের শীর্ষ সংগঠন নোয়াবের সদস্য পদ পাওয়াকে সময়ের আলোর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে সংবাদপত্র শিল্প–সংশ্লিষ্ট বিভিন্ন নীতিনির্ধারণী কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে। সময়ের আলোর পক্ষ থেকে নোয়াবের নির্বাহী কমিটি এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
পত্রিকার কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সম্মানিত মালিকপক্ষ, সম্পাদকমণ্ডলী, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় সময়ের আলো আরও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে। পাশাপাশি দেশের গণমাধ্যমে নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য সংবাদপত্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করবে।
সময়ের আলো/কেএইচ