গুটিকয়েক নাটক দিয়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। চাহিদা থাকলে দীর্ঘদিন দেখা নেই তার। তবে নতুন কাজ নিয়ে ফিরছেন তিনি। মাসরিকুল আলম পরিচালিত ‘আমার রাজ্যে তুমি’ নাটকে অভিনয় করেছেন মালাইকা। ভালোবাসা, ভাগ্য আর সম্পর্কের টানাপোড়েনের গল্পের নাটকটি শিগগিরই আসবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।
নাটকটি নিয়ে নির্মাতা মাসরিকুল জানান, এটা এমন কিছু মানুষের গল্প, যারা একে অন্যকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত ও ভাগ্যের কাছে শেষ পর্যন্ত হেরে যায়। সম্পর্কের জটিলতা এবং তার প্রভাবই গল্পটির মূল উপজীব্য। তিনি বলেন, আমি চেয়েছি দর্শক শুধু একটি সম্পর্ক নয়, সম্পর্কের পর মানুষের ভেতরে কী ঘটে, সেটাও অনুভব করুক। আশা করি, নাটকটি শেষ হওয়ার পরও এর চরিত্রগুলো দর্শকের মনে অনেক দিন বেঁচে থাকবে।
এর আগে মালাইকা অভিনয় করেছিলেন ‘সন্ধিক্ষণ’, ‘ক্ষতিপূরণ’ ও ‘অনুতপ্ত’ নাটকে। নাটক তিনটিতে তার বিপরীতে ছিলেন ফারহান আহমেদ জোভান, ইয়াশ রোহান ও পার্থ শেখ। প্রথম নাটক দুটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আর তৃতীয়টি কে এম সোহাগ।
এবার ‘আমার রাজ্যে তুমি’ নাটকে মালাইকা অভিনয় করেছেন তৌসিফ মাহবুবের বিপরীতে। তাদের প্রথম কাজ এটি। নাটকটিতে তৌসিফ ও মালাইকার সঙ্গে আছেন কেয়া পায়েল। মালাইকা জানিয়েছেন, চেনা হলেও ‘আমার রাজ্যে তুমি’ নাটকের গল্পে ভিন্নতা আছে। গল্পটি ভালো লেগেছে বলেই অভিনয় করা হয়েছে। তৌসিফের সঙ্গে প্রথম অভিনয়, সঙ্গে রয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তাই কাজটি নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী। বিজ্ঞাপন দিয়ে শোবিজে আগমন মালাইকার। অতি অল্প সময়ের ক্যারিয়ারে মাত্র কয়েকটি নাটক দিয়েই ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।
দর্শক ও নির্মাতাদের কাছে তার চাহিদা থাকলেও অভিনয়ে নিয়মিত নন তিনি। মালাইকা বলেন, অভিনয়ে নাম লেখালেও এখন পড়াশোনা গুরুত্ব দিচ্ছি। মূলত পড়াশোনার ফাঁকে আমার অভিনয় করা। নিয়মিত প্রস্তাব আসলেও কাজ করা সম্ভব হয়ে ওঠে না।
মালাইকা অভিনীত প্রতিটি নাটকই রোমান্টিক ঘরানার। বর্তমান সময়ের নাটকে রোমান্টিক, কমেডির পাশাপাশি থাকছে সিরিয়াস গল্প। কাজের ক্ষেত্রে বাছ-বিছার প্রসঙ্গে মালাইকা বলেন, অভিনয়ে আমি নতুন। নির্মাতারা যেভাবে চান সেভাবেই কাজ করছি। অনেক কিছুই আমার অজানা। শিখে শিখে নিজেকে গড়তে হবে।
অভিনয়ে পরিণত হলে অনেক কিছু বুঝা সহজ হবে। তবে আপাতত সহজ গল্পে আগ্রহ আমার। যে গল্প সহজে দর্শকের হৃদয়ে পৌঁছে যাবে। আমার অভিনীত নাটকগুলো দর্শকদের হৃদয় ছুঁয়েছে বলে মনে করি।
সময়ের আলো/এসএকে