মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এম. এ. খান বেলাল। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এম. এ. খান বেলাল পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকের নীতিনির্ধারণ ও পরিচালনায় তার অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এম. এ. খান বেলাল সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান। বাণিজ্য, শিল্প, শিপিং ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দীর্ঘদিনের সফল ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে তার। দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে তিনি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগেও তিনি সক্রিয়। বর্তমানে তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া নিজ জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার উদ্যোগে এলাকায় একাধিক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে।
এম. এ. খান বেলালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ নতুন উদ্যমে ব্যাংকের সেবা, সুশাসন ও টেকসই প্রবৃদ্ধির ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সময়ের আলো/এসএকে