আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম ওঠানামা করছে। সে হিসেবে সোমবার (৩ আগস্ট) সর্বশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান ধাতুটি।
এর আগে, শুক্রবার (৩১ জুলাই) সকালে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে, গত ২৮ জুলাই সকালে সবশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৭ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৯ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সময়ের আলো/মহু