শিবচরে বিদ্যুৎ থাকছে না, বিলও কমছে না

শিবচর (মাদারীপুর)প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং ও অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। দিনের বেলা যেমন বারবার

2026-08-03T13:45:49+00:00
2026-08-03T13:46:47+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
সারাদেশ
শিবচরে বিদ্যুৎ থাকছে না, বিলও কমছে না
শিবচর (মাদারীপুর)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:৪৫ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ১:৪৬ পিএম
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং ও অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। দিনের বেলা যেমন বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে, তেমনি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। গরমের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ব্যবসা-বাণিজ্য, গৃহস্থালি কাজ ও ব্যাটারিচালিত যানবাহনের ওপর নির্ভরশীল মানুষের আয়-রোজগারও ব্যাহত হচ্ছে।

শিবচর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় উপজেলায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। রোববার (২ আগস্ট) দিনে শিবচরে বিদ্যুতের চাহিদা ছিল ২৫ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া গেছে মাত্র ১০ মেগাওয়াট। রাতে চাহিদা বেড়ে দাঁড়ায় ৩৫ মেগাওয়াটে, যেখানে সরবরাহ ছিল মাত্র ১৬ মেগাওয়াট। ফলে, উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং করতে হচ্ছে।


উমেদপুর ইউনিয়নের বাসিন্দা কবির হোসেন বলেন, ‘সাধারণত প্রতি মাসে আমার বিদ্যুৎ বিল ৮০০ থেকে ১ হাজার টাকার মধ্যে থাকে। কিন্তু এ মাসে বিল এসেছে ১ হাজার ৭০০ টাকা। একদিকে ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছি না, অন্যদিকে বাড়তি বিল দিতে হচ্ছে।’

ভ্যানচালক ইমরান মিয়া বলেন, ‘রাতে ভ্যানের ব্যাটারি ঠিকমতো চার্জ দিতে পারি না। সারা রাতে ২ ঘণ্টাও টানা বিদ্যুৎ থাকে না। আজ দিনের বেলায় ভ্যান নিয়ে বের হতে পারিনি। আগে যেখানে দিনে ৬০০ টাকার মতো আয় হতো, এখন ২০০ টাকা আয় করার আগেই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়।’

জুন মাস থেকে কার্যকর হওয়া নতুন বিদ্যুৎ ট্যারিফের পর অনেক গ্রাহকের বিল আগের তুলনায় বেড়েছে। শিবচরের বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুতের ব্যবহার কম হলেও বিল অস্বাভাবিকভাবে বেশি আসছে।

এ বিষয়ে শিবচর পল্লী বিদ্যুৎ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার জহিরুল হক বলেন, ‘চাহিদার তুলনায় আমরা অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। এই সীমিত সরবরাহে লোডশেডিং ছাড়া শিবচরের সব এলাকায় একযোগে বিদ্যুৎ সংযোগ সচল রাখা সম্ভব নয়। সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, সে বিষয়ে এখনো আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে, বিদ্যুতের সরবরাহ বাড়লে পরিস্থিতির উন্নতি হবে।’

স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বাড়তি বিদ্যুৎ বিলের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও সমন্বয়ের দাবি জানিয়েছেন।

সময়ের আলো/মহু


  বিষয়:   শিবচর  বিদ্যুৎ  বিল  বিভ্রাট  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: