দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ালেন বিএনপি নেতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের

2026-08-03T17:19:41+00:00
2026-08-03T17:19:41+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ালেন বিএনপি নেতা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:১৯ পিএম 
মাহাবুব আলম। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম। প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করে এবং মায়ের মাথায় হাত রেখে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার শপথ নেন তিনি।

সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক কর্মী ও উৎসুক মানুষের ভিড় জমে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

মাহাবুব আলম সাংবাদিকদের জানান, ২০০৬ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের দুঃসময়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত নিজ দলের কিছু নেতাকর্মীর কারণেই তাকে নানা হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করা হয়, যার ফলে তাকে কারাভোগও করতে হয়েছে। কারামুক্তির পর দলের কিছু নেতাকর্মীর অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলেও দাবি করেন তিনি।


মাহাবুব আলম বলেন, দলের জন্য জীবনের মূল্যবান সময় ব্যয় করেছি। কঠিন সময়ে দলের পাশে থেকেছি। কিন্তু শেষ পর্যন্ত সম্মানের পরিবর্তে অপমান, হয়রানি ও কারাভোগই আমার প্রাপ্তি। তাই আজ থেকে বিএনপির রাজনীতির সঙ্গে আমার সব ধরনের সম্পর্কের ইতি টানলাম। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গেও নিজেকে আর সম্পৃক্ত করব না।

এ সময় তার মা হাওয়া বেগমের মাথায় হাত রেখে তিনি শপথ করেন যে, জীবনের বাকি সময় তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ দূরে থাকবেন।

স্থানীয়দের ভাষ্য, প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর এমন ঘটনা এ এলাকায় বিরল। ফলে বিষয়টি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি বলেন, বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি প্রায় ছয়-সাত দিন আগে তাকে দল থেকে বহিষ্কার করেছে। বর্তমানে তিনি বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য নন।

সময়ের আলো/জোই
  বিষয়:   মা  মাথায় হাত  শপথ  দুধ  গোসল  রাজনীতি  বিএনপি নেতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: