গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনের সম্মেলন কক্ষে লটারির আয়োজন করা হয়।
লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে১৩ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
এই লটারি কার্যক্রম সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও উপসচিব মো. আবু নাছের।
এ লটারিভিত্তিক বদলি প্রক্রিয়া বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে’ বলে জানান গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ এর গণপূর্ত অধিদপ্তর শাখার সদস্যসচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘লটারিভিত্তিক বদলি প্রক্রিয়াকে স্বাগত জানাই। এর ফলে অধিদপ্তরের বদলি ও পদায়নে শৃঙ্খলা ফিরে আসবে’।
এর আগে গত বৃহস্পতিবার আট বিভাগের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-এর পদায়নের স্থান ও শাখা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। এ নিয়ে দু’দফায় লটারির মাধ্যমে ১০২১ জন প্রকৌশলীকে বদলী করা হয়েছে।
সময়ের আলো/কেএইচও