প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরু হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দেশের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ

2026-08-04T04:32:00+00:00
2026-08-04T04:32:00+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিক্ষা
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরু হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:৩২ এএম 
সচিবালয়ে স্টিয়ারিং কমিটির সভা। সংগৃহীত ছবি
দেশের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেবে। স্কুল, কলেজ, মাদরাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান এ প্রতিযোগিতার আওতায় থাকবে। ছেলে শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক আর মেয়েদের জন্য তা ঐচ্ছিক। সরকারের পক্ষ থেকে টুর্নামেন্ট বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে সোমবার সচিবালয়ে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরে সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। 

তিনি বলেন, আমরা চাই দেশজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক। প্রধানমন্ত্রী সবসময় বলে এসেছেন, আগামী শিক্ষাব্যবস্থা এমন হবে যেখানে আমাদের শিক্ষার্থীদের মেধা, মননশীলতা এবং সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে। সে লক্ষ্যেই ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় একযোগে দেশব্যাপী বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করবে।

মাহদী আমিন বলেন, আমাদের শিক্ষাব্যবস্থার লক্ষ্য হলো, সেখানে ন্যায্যতা থাকবে, সমতা থাকবে এবং শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমে আসবে। সে লক্ষ্যেই এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আমরা অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে চাই। আমাদের বিশ্বাস এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আগামীর নেতৃত্ব দেওয়ার যে গুণাবলি, যে মেধা এবং মননশীলতা রয়েছে তার বহিঃপ্রকাশ ঘটবে। আজ সর্বসম্মতিক্রমে এখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয় তাদের সহযোগিতা প্রদান করবে। 

তিনি বলেন, টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, যেসব মাঠে খেলা অনুষ্ঠিত হবে, সেগুলো প্রয়োজন অনুযায়ী প্রস্তুত করা হবে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে সার্বিক সমন্বয়ের জন্য মঙ্গলবার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক হবে। আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় পর্যায়ে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করবেন। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মাহদী আমিন বলেন, ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাইমারি স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে যে ফরম্যাট ছিল, এখানেও একই ফরম্যাট অনুসরণ করা হবে। আমরা যেহেতু বলছি, সারা দেশে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করতে চাই, তাই প্রথমে উপজেলা পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। এরপর জেলা পর্যায়, তারপর বিভাগীয় পর্যায় এবং সবশেষে জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেখানে আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের মতো ফাইনালেও ইনশাআল্লাহ আমরা তার উপস্থিতি আশা করছি। এই ফুটবল টুর্নামেন্টের বৈশিষ্ট্য হলো, প্রধানমন্ত্রী সরাসরি এর পৃষ্ঠপোষকতা করছেন। সে কারণেই প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি আমরা এটিকে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ বলছি। প্রধানমন্ত্রী সরাসরি এই আয়োজনকে অনুপ্রাণিত করবেন। আমরা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেখানে যে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে, আমরা সমন্বিতভাবে তা নিশ্চিত করব।


সারা দেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন নিশ্চিতের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতায় যারা ভালো করে, তাদের সঠিক মূল্যায়ন ও অনুপ্রেরণা জোগালে তা তাদের ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও প্রশস্ত করবে। তিনি আরও জানান, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এই প্রতিযোগিতা শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর আগামী ৩০ অক্টোবরের মধ্যে পুরো প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার টার্গেট রয়েছে বলে জানান মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রমুখ।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 



  বিষয়:   প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরু হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: