২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি আলোচনায় আসে শোবিজের বেশ কয়েকজন তারকাও। কেউ রাজনৈতিক সম্পৃক্ততা, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, আবার কেউ প্রকাশ্য বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েন। ২ বছর পর তাদের অনেকের ক্যারিয়ারেও সেই বিতর্কের প্রভাব নিয়ে আলোচনা হয়।
অভিনেতা ফেরদৌস আহমেদ ও রিয়াজ দীর্ঘদিন ধরেই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০২৪-এর জুলাইয়ে আন্দোলনের পক্ষে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে জুলাই-পরবর্তী সময়ে তাদের অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। বর্তমানে তারা মিডিয়া এবং লোকচক্ষুর অন্তরালেই রয়েছেন।
অভিনেত্রী মাহিয়া মাহিও আওয়ামী রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। আন্দোলনের সময় ও পরবর্তী সময়ে তার অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়। বর্তমানে তাকে সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সরব দেখা গেলেও অভিনয় বা মিডিয়া পাড়ায় একদমই দেখা যায় না।
নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন জুলাই-পরবর্তী সময়ে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তিদের একজন। তার কিছু কর্মকাণ্ড ও বক্তব্যকে ঘিরে আইনি প্রক্রিয়া ও জনসমালোচনা সংবাদমাধ্যমে উঠে আসে। এরপর থেকে তার নির্মাণ ও অভিনয় কার্যক্রমও একপ্রকার স্থবির রয়েছে বলা চলে।
উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে ঘিরেও পুরনো একটি চিঠি, যেখানে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন করেছিলেন, নতুন করে আলোচনায় আসে। পরে জুলাই আন্দোলনের সময় নীরব থাকার জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চান এবং বলেন, সে সময় সক্রিয় ভূমিকা না নেওয়াকে তিনি নিজের ভুল হিসেবে দেখেন।
সময়ের আলো/মহু