মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ করল ইরানি গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শারীরিক অবস্থা গুরুতর— এমন খবরের মধ্যে তার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ

2026-08-09T08:54:44+00:00
2026-08-09T09:07:37+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ করল ইরানি গণমাধ্যম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৫৪ এএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৯:০৭ এএম
ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শারীরিক অবস্থা গুরুতর— এমন খবরের মধ্যে তার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ। শনিবার (৮ আগস্ট) প্রকাশিত ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা জানানো হয়নি।

ভিডিওতে মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায়। তাকে স্বাভাবিক ও সুস্থ অবস্থায় দেখা গেলেও ভিডিওটির সত্যতা কিংবা এতে থাকা ব্যক্তি মোজতবা খামেনিই কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে শুক্রবার ইরানওয়্যার, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানায়, মোজতবা খামেনি ‘অত্যন্ত সংকটজনক অবস্থায়’ রয়েছেন— এমন গুঞ্জন ইরানের শাসকগোষ্ঠীর সর্বোচ্চ পর্যায়ে ছড়িয়ে পড়েছে। কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমও তার শারীরিক অবস্থা সংকটজনক বলে প্রতিবেদন প্রকাশ করে।

জেরুজালেম পোস্টকে দেওয়া এক সূত্রের বরাতে বলা হয়, ‘শিগগিরই তার শাহাদাতের খবর শুনলে আমরা অবাক হব না।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি দেশটির সর্বোচ্চ নেতা হন। ওই হামলায় মোজতবাও আহত এবং তার চেহারা বিকৃত হয়ে থাকতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি গত মাসে তার বাবার শেষকৃত্যেও তিনি উপস্থিত ছিলেন না।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কায় মোজতবা ধীরগতির একটি মধ্যস্থতাকারী নেটওয়ার্কের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন।

মেহর নিউজের প্রকাশ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে বেশ কয়েকটি অ্যাকাউন্ট দাবি করে, ভিডিওটি পুরোনো এবং মোজতবার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি তৈরি করতেই ইরানের রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট সংবাদমাধ্যম এটি প্রকাশ করেছে।

‘ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান’-এর নীতি পরিচালক জেসন ব্রডস্কি তার এক্স অ্যাকাউন্টে দাবি করেন, ভিডিওটি যুদ্ধের আগের এবং মার্চ মাসেও এটি প্রচারিত হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, ইরানের শাসকগোষ্ঠীর মেহর নিউজ কেন মোজতবার পুরোনো ভিডিও প্রচার করার প্রয়োজন বোধ করছে।

এদিকে ‘মিডল ইস্ট ২৪’ নামের আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট দাবি করেছে, ইরানের মানুষই ভিডিওটিকে পুরোনো হিসেবে শনাক্ত করেছেন। তাদের দাবি, এটি কোমে মোজতবার দেওয়া পুরোনো বক্তৃতার ভিডিও।

তবে ভিডিওটি আসলে কখন ধারণ করা হয়েছিল এবং এতে মোজতবা খামেনিই রয়েছেন কি না— এ বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: