চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৌঁছে বর্তমানে হেফাজতের আমির আল্লামা শাহ মহিববুল্লাহ বাবুনগীর মাদ্রাসায় অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) বিকেল ৩ টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে বাঁশখালী থেকে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘির সিএন্ডবি মাঠে অবতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের পর মাঠে অপেক্ষমাণ সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। তাঁকে একনজর দেখতে সেখানে উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। পরে প্রধানমন্ত্রী সড়কপথে ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে অবস্থান নেন। সেখানে ৬৪ জন আলেমের সাথে সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এ সময় স্থানীয় সাংসদ সরোয়ার আলমগীর ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদসহ বেশকয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পর তিনি হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের সাবেক মরহুম আমীর আল্লামা আহমদ শফির কবরে জিয়ারত করবেন। এ সময় হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ ও দেশের বিশিষ্ট আলেমগণের উপস্থিতির কথা রয়েছে।
পরে তিনি হাটহাজারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত ও কিছু প্রকল্পের উদ্বোধন ও ত্রাণ বিতরণ করবেন। সন্ধ্যায় চট্টগ্রাম রেডিসন ব্লুতে জেলার নেতাকর্মীদের সাথে সাক্ষাত শেষে রাতেই ঢাকা ফেরার পরিকল্পনা হয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ফটিকছড়িতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে অবস্থান নেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়।