হবিগঞ্জ জেলার পাঁচটি পৌরসভার আসন্ন সাধারণ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। তবে ওই তালিকায় নেই আজমিরীগঞ্জ পৌরসভার নাম। পৌরসভার সীমানা নির্ধারণ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় নির্বাচন সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।
এতে প্রতিষ্ঠার ২২ বছর পেরিয়ে গেলেও নির্বাচিত জনপ্রতিনিধি না পাওয়া আজমিরীগঞ্জ পৌরসভার নির্বাচন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গত ১০ আগস্ট জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলার পাঁচটি পৌরসভার সব ভোটার এলাকার ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়। তালিকায় রয়েছে নবীগঞ্জ, হবিগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ পৌরসভা। এসব পৌরসভার খসড়া ভোটকেন্দ্রের তালিকা জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস ও পৌরসভার নোটিশ বোর্ডে পরিদর্শনের জন্য রাখা হয়েছে।
তবে ওই তালিকায় আজমিরীগঞ্জ পৌরসভার নাম নেই। কেন এ পৌরসভার ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়নি, বিজ্ঞপ্তিতে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। পরে বিষয়টি জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, ‘আদালতে সীমানা নির্ধারণ নিয়ে মামলা থাকায় কিছু করা যাচ্ছে না।’
আজমিরীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালের ২১ জানুয়ারি। প্রায় সাড়ে ৬ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভাটি ‘গ’ শ্রেণির স্থানীয় সরকার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই প্রশাসক দিয়ে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ পর্যন্ত ১৪ জন প্রশাসক পৌরসভাটির দায়িত্ব পালন করেছেন। কিন্তু প্রতিষ্ঠার ২২ বছর পেরিয়ে গেলেও কোনো নির্বাচিত মেয়র পৌরসভার দায়িত্ব পালন করেননি।
দীর্ঘদিন ধরে প্রশাসকনির্ভর পৌরসভা পরিচালিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা রয়েছে। তাঁদের মতে, ভোটের মাধ্যমে মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হলে নাগরিকদের কাছে জনপ্রতিনিধিদের সরাসরি জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জ পৌরসভার সীমানা নির্ধারণ নিয়ে হাইকোর্টে মামলা চলছে। সীমানা নিয়ে আইনি জটিলতার মধ্যেই জেলার অন্য পাঁচটি পৌরসভার ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু আজমিরীগঞ্জের নাম তালিকায় না থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, সীমানা-সংক্রান্ত মামলাটিই কি পৌরসভাটির নির্বাচনী কার্যক্রম আটকে রাখার প্রধান কারণ।
পৌরসভা প্রতিষ্ঠার পর একের পর এক প্রশাসক দায়িত্ব পালন করলেও নির্বাচিত মেয়র-কাউন্সিলর পায়নি আজমিরীগঞ্জ। এখন পর্যন্ত ১৪ জন প্রশাসক দায়িত্ব পালন করেছেন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসক পরিবর্তনের সঙ্গে পৌরসভার প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিবর্তন এলেও নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে পৌরসভা পরিচালনার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়নি।
সময়ের আলো/এসএকে