আইসিসিকে লক্ষ্য করে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে হিউম্যান রাইটস ওয়াচসহ চারটি মানবাধিকার সংগঠন।

2026-08-12T14:31:19+00:00
2026-08-12T14:31:19+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
আইসিসিকে লক্ষ্য করে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২:৩১ পিএম 
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে হিউম্যান রাইটস ওয়াচসহ চারটি মানবাধিকার সংগঠন। আইসিসির বিচারক ও কৌঁসুলিদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আদালতটির গুরুতর অপরাধের বিচার করার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেছে সংগঠনগুলো।

মঙ্গলবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মামলাটি করা হয়। মামলায় বলা হয়েছে, গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশে হেগভিত্তিক আইসিসিকে লক্ষ্যবস্তু করা এবং জাতিসংঘের এক মানবাধিকার বিশেষজ্ঞ ও তিনটি ফিলিস্তিনি অধিকার সংগঠনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের বিরুদ্ধে বেআইনি আক্রমণ’।

মামলাকারীদের দাবি, আইসিসির ওপর আর্থিক ও আইনি নিষেধাজ্ঞার কারণে তারা মানবাধিকার ও আইনি কার্যক্রমের বিস্তৃত পরিসর সংকুচিত করতে বাধ্য হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনী এবং ধর্মীয় স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা আইনের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ করেছে তারা।

মামলায় হিউম্যান রাইটস ওয়াচের পাশাপাশি আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি, সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস ও ওপেন সোসাইটি ইনস্টিটিউটও যুক্ত হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের আন্তর্জাতিক বিচারবিষয়ক পরিচালক লিজ এভেনসন বলেন, ট্রাম্প প্রশাসন নিজেদের পছন্দের ব্যক্তিদের জন্য ‘শাস্তি থেকে অব্যাহতির সুযোগ’ তৈরি করতে চাইছে। এই মামলার মাধ্যমে তারা এর বিরোধিতা করছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল— দুই দেশই আইসিসির সদস্য নয় এবং আদালতের এখতিয়ারও স্বীকার করে না।

ট্রাম্প প্রশাসন গত বছর আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানসহ আদালটির এক ডজনের বেশি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। গাজা যুদ্ধের ঘটনায় ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আফগানিস্তানে মার্কিন কর্মীদের নিয়ে তদন্তের জেরে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আইসিসির জারি করা পরোয়ানার আওতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

তবে যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পর গত মাসে করিম খানকে প্রধান কৌঁসুলির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে প্রায় দুই বছর আগে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা অবশ্য মঙ্গলবারের মামলাকে প্রত্যাখ্যান করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আইসিসির কার্যক্রম যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তায় হস্তক্ষেপ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র আইসিসির কারণে সৃষ্ট ‘হুমকি’ মোকাবিলায় ব্যাপক অভিযান শুরু করছে।

এক ভিডিও বার্তায় রুবিও বলেন, আইসিসির সদস্য দেশগুলোকে আদালত থেকে বেরিয়ে যেতে চাপ দেবে যুক্তরাষ্ট্র। আদালতের সঙ্গে কাজ করা সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া এবং আইসিসির কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করার কথাও জানান তিনি।

যেসব দেশ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার সুবিধা ভোগ করে, তাদের মার্কিন নাগরিকদের ওপর আইসিসির এখতিয়ার প্রত্যাখ্যান করার আহ্বান জানানো হবে বলেও জানান রুবিও।

রুবিওর বক্তব্য ও করিম খানের অপসারণের পর যুক্তরাষ্ট্রের মিত্র ভেনেজুয়েলাসহ কয়েকটি দেশ আইসিসি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে ১২০টির বেশি সদস্য দেশের আন্তর্জাতিক অপরাধ আদালতটি অভ্যন্তরীণ ও বহিরাগত—দুই ধরনের চাপের মুখে রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর সর্বশেষ মামলাটি আইসিসির কার্যক্রম ও আন্তর্জাতিক বিচারব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  যুক্তরাষ্ট্র  ট্রাম্প  আইসিসি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: