রুশ ইতিহাসবিদ ও ইসরায়েল-জায়নবাদ সমালোচক আরতিওম কিরপিচেনক ইসরায়েলে পৌঁছানোর পর নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। ৫১ বছর বয়সী এই ইতিহাসবিদ গত সপ্তাহে দেশটিতে যাওয়ার পর থেকে পরিবার ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২ আগস্ট আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে একটি ফ্লাইটে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছান কিরপিচেনক। সেখানে একটি সম্মেলনে তাঁর সভাপতিত্ব করার কথা ছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
কিরপিচেনক ১৯৯০-এর দশকে ইসরায়েলে অভিবাসন করেন। তিনি জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন এবং প্রায় ১৫ বছর ইসরায়েলে বসবাস করেন। পরে রাশিয়ায় ফিরে যান। সেখানে তিনি ইসরায়েল ও জায়নবাদ নিয়ে সমালোচনামূলক অবস্থান নেন।
কিরপিচেনকের নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর ইসরায়েলে থাকা রুশ দূতাবাস বিষয়টি নিয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
রুশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, কয়েকটি রুশ সংবাদমাধ্যমে কিরপিচেনককে নিয়ে প্রকাশিত প্রতিবেদন তারা অবগত হয়েছে। এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২ আগস্ট ইসরায়েলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করেছে।
দূতাবাস জানিয়েছে, এখন পর্যন্ত কিরপিচেনকের পরিবারের সদস্য, বন্ধু বা সহকর্মীদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ তারা পায়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দূতাবাস।
এদিকে রুশ সাংবাদিক ও সাবেক স্টেট দুমা প্রতিনিধি দারিয়া মিতিনা দাবি করেছেন, কিরপিচেনক ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেতের হেফাজতে কারাগারে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাঁদের আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে এবং কিরপিচেনক শিন বেতের হেফাজতে রয়েছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে ‘সর্বোচ্চ জনসচেতনতা’ তৈরির আহ্বান জানান তিনি।
তবে কিরপিচেনককে আটক করা হয়েছে বা তিনি শিন বেতের হেফাজতে রয়েছেন— এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সময়ের আলো/কেএইচ