সাভারে মসজিদের মাঠে প্রেশার কুকার বোমা, সাভার থানায় অজ্ঞাত মামলা

সাভার প্রতিনিধি

সারাদেশ

সাভারে মসজিদের মাঠ থেকে বিশেষ কায়দায় তৈরি ‘প্রেশার কুকার বোমা’ উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা ৬

2026-08-13T16:00:28+00:00
2026-08-13T16:00:28+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সারাদেশ
সাভারে মসজিদের মাঠে প্রেশার কুকার বোমা, সাভার থানায় অজ্ঞাত মামলা
সাভার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:০০ পিএম 
সাভারে মসজিদের মাঠে প্রেশার কুকার বোমা, সাভার থানায় অজ্ঞাত মামলা। ছবি : সময়ের আলো
সাভারে মসজিদের মাঠ থেকে বিশেষ কায়দায় তৈরি ‘প্রেশার কুকার বোমা’ উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে সাভার মডেল থানায় মামলাটি করেন ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার দেখতে পেয়ে তারা সেটি ড্রাম থেকে বের করে মাঠে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক বস্তুটি ঘিরে রাখে। 

পরে বিষয়টি জানানো হয় ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে। বেলা পৌনে ২টার দিকে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সন্দেহজনক বস্তুটি নিষ্ক্রিয় করা হয়।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাতের আঁধারে তিনজনকে ওই বস্তুটি রেখে যেতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গে আরও ৩ থেকে ৪ জন জড়িত থাকতে পারেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এদিকে, সাভারের হেমায়েতপুর থেকে গ্রেফতার নিষিদ্ধঘোষিত সংগঠন নব্য জেএমবির সদস্য মোহাম্মদ আরিফের (২৬) ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে করে তাকে সাভার মডেল থানার হেফাজত থেকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকার একটি তিনতলা ভবনের একটি কক্ষে অভিযান চালায় সিটিটিসি ও সাভার থানা-পুলিশ। এ সময় পাঁচটি ককটেল ও নয়টি পাইপ বোমা উদ্ধার করা হয়। পরে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।

মসজিদের মাঠ থেকে প্রেশার কুকার বোমা উদ্ধার এবং একই সময়ে নব্য জেএমবির সদস্য গ্রেফতারের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

সময়ের আলো/জোই



  বিষয়:   সাভার  মসজিদ  মাঠ  প্রেশার কুকার  বোমা  থানা  অজ্ঞাত মামলা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: