২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনে ফের পূর্ণমাত্রার যুদ্ধের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেন ২০২২ সালের যুদ্ধবিরতির পর যেকোনো সময়ের তুলনায় এখন নতুন করে পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে

2026-08-14T08:47:58+00:00
2026-08-14T08:47:58+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনে ফের পূর্ণমাত্রার যুদ্ধের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৪৭ এএম 
ছবি : সংগৃহীত
ইয়েমেন ২০২২ সালের যুদ্ধবিরতির পর যেকোনো সময়ের তুলনায় এখন নতুন করে পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের বিভিন্ন স্থবির যুদ্ধফ্রন্টে সামরিক তৎপরতা বেড়েছে। এসব হামলা ও সংঘর্ষে সামরিক ও বেসামরিক হতাহতের ঘটনাও ঘটছে।

ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের সঙ্গে মারিব, হাদরামাউত, আল-মাখা (মোখা)সহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সংঘর্ষ হয়েছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এডেনভিত্তিক ইয়েমেনি সরকার জানিয়েছে, তারা তাইজে হুথিদের একটি হামলা প্রতিহত করেছে। বুধবার সরকার আরও দাবি করে, কয়েকটি গভর্নরেটে হুথি অবস্থানে গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধানও হুঁশিয়ারি দিয়েছেন, হুথিরা যে কোনো পদক্ষেপ নিলে তার ‘ব্যাপক জবাব বা প্রতিরোধ’ দেওয়া হবে।

এ অবস্থায় সংঘাত আরও বাড়তে না দিয়ে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন গ্রুন্ডবার্গ। একই সঙ্গে তিনি পক্ষগুলোকে শক্তিশালী ও কার্যকর যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

জাতিসংঘের বিশেষ দূত আরও সতর্ক করেছেন, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হুথিদের নতুন করে হামলা ইয়েমেনকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বৃহত্তর আঞ্চলিক সংঘাতে টেনে নেওয়ার ঝুঁকি তৈরি করছে।

ইয়েমেনের অর্থনীতির জন্য ‘অর্থনৈতিক উত্তেজনা প্রশমন’ জরুরি বলেও উল্লেখ করেন গ্রুন্ডবার্গ। এক দশকের গৃহযুদ্ধে দেশটির অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জন্য ইয়েমেনের বন্দরগুলোতে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখা, তেল রপ্তানি পুনরায় চালু করা এবং হুথিদের নিয়ন্ত্রণাধীন সানা বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ নিতে সংঘাতরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

গ্রুন্ডবার্গ বলেন, এসব ক্ষেত্রে সংঘাতে জড়িত দুই পক্ষেরই সংঘাতের চেয়ে সহযোগিতা থেকে লাভবান হওয়ার সুযোগ বেশি।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর ইয়েমেনে সংঘাত শুরু হয়। পরের বছর সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট হস্তক্ষেপ করলে তা দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেয়।

২০২২ সালে হুথি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর থেকে তা বেশির ভাগ ক্ষেত্রে কার্যকর ছিল। তবে আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় ২০২৩ সালে যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে অগ্রগতি থেমে যায় বলে জানান গ্রুন্ডবার্গ।

ইয়েমেনে নতুন করে সংঘর্ষ বাড়ায় দেশটির ভয়াবহ মানবিক সংকট আরও তীব্র হচ্ছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার নিরাপত্তা পরিষদে বলেন, ইয়েমেনের অর্ধেকেরও বেশি মানুষ পর্যাপ্ত খাবারের নির্ভরযোগ্য সুযোগ থেকে বঞ্চিত। প্রায় ৬০ লাখ মানুষ এমন মাত্রার খাদ্যসংকটে রয়েছে, যা দুর্ভিক্ষের কাছাকাছি।

সংঘাতের সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে নারীদেরও। ফ্লেচার জানান, প্রতিরোধযোগ্য গর্ভাবস্থা-সংক্রান্ত জটিলতায় প্রতিদিন তিনজন নারী মারা যাচ্ছেন।

বৃহস্পতিবার ব্রিটিশ সরকার ইয়েমেনের মানবিক সংকটের জন্য হুথিদের দায়ী করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক নৌযানে প্রাণঘাতী হামলা এবং সৌদি আরবে সরাসরি হামলারও সমালোচনা করেছে দেশটি।

জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি সারাহ ম্যাকিনটোশ বলেন, হুথিদের ‘বেপরোয়া কর্মকাণ্ড’ অঞ্চলটিতে সহিংসতার গুরুতর মাত্রা বাড়িয়েছে। ইয়েমেনের জনগণের দুর্ভোগ কমানো ও শান্তি প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়ার জন্য হুথিদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার হুথিরা দাবি করেছে, তারা সৌদি আরবের জাজান প্রদেশের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে।

হুথিদের একটি সামরিক সূত্র রয়টার্সকে জানায়, সৌদি আরব সাদা ও হাজ্জাহ প্রদেশে ইয়েমেনের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করায় তার জবাবে এই হামলা চালানো হয়েছে।

২০ জুলাই লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলের ওপর অবরোধ ঘোষণার পর থেকে হুথি ও সৌদি পক্ষের মধ্যে একের পর এক ড্রোন, বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। তেল শোধনাগারে হামলাটি এসব পাল্টাপাল্টি হামলার সর্বশেষ ঘটনা।

সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ইয়েমেন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: