দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকরা পরস্পরের দেশকে কীভাবে দেখেন, তা জানতে একটি জরিপ চালিয়েছে পিউ রিসার্চ সেন্টার। গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত পরিচালিত এই জরিপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিকরা অংশ নেন।
বাংলাদেশ
জরিপের তথ্য অনুযায়ী, বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন ২৫ শতাংশ ভারতীয়। পাকিস্তানিদের মধ্যে এই হার ৬৬ শতাংশ এবং শ্রীলঙ্কানদের মধ্যে ৫৬ শতাংশ।
ভারত
জরিপে অংশ নেওয়া বাংলাদেশিদের ৪২ শতাংশ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব জানিয়েছেন। পাকিস্তানিদের মধ্যে মাত্র ৭ শতাংশ ভারতকে পছন্দ করেন। অন্যদিকে, শ্রীলঙ্কার ৭৯ শতাংশ মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন।
পাকিস্তান
বাংলাদেশিদের ৫৪ শতাংশ পাকিস্তানকে ইতিবাচকভাবে দেখেন। ভারতের ক্ষেত্রে এই হার মাত্র ৮ শতাংশ। অন্যদিকে, ৫৭ শতাংশ শ্রীলঙ্কান পাকিস্তানকে পছন্দ করেন।
শ্রীলঙ্কা
বাংলাদেশিদের ৪৭ শতাংশ শ্রীলঙ্কার প্রতি ইতিবাচক। ভারতের ৪৯ শতাংশ এবং পাকিস্তানের ৫১ শতাংশ মানুষও শ্রীলঙ্কাকে পছন্দ করেন।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে, ২০২৪ সালের তুলনায় শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব ৯ শতাংশ পয়েন্ট বেড়েছে। বিপরীতে, ভারতে বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা ১০ শতাংশ পয়েন্ট কমেছে।
এদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব বেড়েছে। তবে ভারতের ক্ষেত্রে বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে।
সময়ের আলো/ইউএমএইচ