গণতন্ত্রে ভিন্নমত থাকাটা শুধু প্রয়োজনই নয় এটি একটি অপরিহার্য বিষয় বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রে আলাদা মত থাকা শুধু প্রয়োজনই নয়, বরং অপরিহার্য। যেদিন সমাজে ভিন্নমত থাকবে না কিংবা ভিন্নমতকে নিয়ন্ত্রণ করা হবে, সেদিন থেকেই ক্ষমতাসীন দলগুলো জনবিচ্ছিন্ন ও ভুল পথে পরিচালিত হতে শুরু করবে।
এসময় রাজনৈতিক সুস্থতা বজায় রাখতে তিনি ভিন্নমতকে স্বাগত জানান এবং ভিন্নমতকে সাধুবাদ দেওয়ার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
এ সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং হাসপাতালকেন্দ্রিক সকল ‘সিন্ডিকেট’ নির্মূলের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য ভুলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, হাসপাতাল একটি সরকারি প্রতিষ্ঠান, যা নির্দিষ্ট কোনো সংগঠন বা ব্যক্তিগত উদ্যোগে পরিচালনা করা সম্ভব নয়। এখানে সরকারের সরাসরি সম্পৃক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, হাসপাতালকে ঘিরে কোনো ধরনের ‘আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট’ থাকলে তা বরদাশত করা হবে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি চিকিৎসাসেবার মান নিয়ন্ত্রণ করতে চায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও সভায় বক্তারা হাসপাতালের নানা সংকটের কথা তুলে ধরে জানান, নতুন ভবন নির্মাণ হলেও তা পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দেওয়ার উপযোগী নয়। প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতির অভাবে প্রতিনিয়ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য রংপুর বা ঢাকায় রেফার করতে হয়।
এ সময় প্রতিমন্ত্রী এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
সময়ের আলো/আতা