শেরপুরের নকলায় শিশুদের ঝগড়া থামাতে গিয়ে হুজুরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। প্রতিবেশীদের হামলায় তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নকলা পৌরসভার কায়দা বেগুনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুজুরা বেগম ওই এলাকার মাইন উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন—কামরুল হাসান, হাসু মিয়া, সোবহান মিয়া ও মাইন উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে প্রতিবেশী দুই শিশুর খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে দুই শিশুর পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ শুরু হয়। এ সময় ঝগড়া থামাতে এগিয়ে যান হুজুরা বেগম।
তখন ধান শুকানোর কাজে ব্যবহৃত পাটনার আঘাতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, শিশুদের ঝগড়া থামাতে গিয়ে হুজুরা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।