অস্ট্রেলিয়ার ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রতিমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী স্বাগতিক দলের বিপক্ষে মাত্র চার দিনে ৯ উইকেটের এই জয় শুধু ঐতিহাসিক নয়, বাংলাদেশ ক্রিকেটে নতুন সম্ভাবনার দ্বারও খুলে দিয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পুরো দল ব্যাটিং ও বোলিংয়ে যে আত্মবিশ্বাস ও দাপট দেখিয়েছে, তা দেশের মানুষকে গর্বিত ও আনন্দিত করেছে।
তিনি বলেন, পাঁচ দিনের লড়াইয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও বাংলাদেশ দল তার আগেই ১১তম সেশনে জয় নিশ্চিত করেছে। দলের এই নিখুঁত পারফরম্যান্স অত্যন্ত প্রশংসনীয়।
এই ঐতিহাসিক জয় দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন আমিনুল হক। ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই ধারা অব্যাহত রেখে বিশ্বমঞ্চে দেশের মর্যাদা আরও উঁচুতে তুলে ধরবে বলে তিনি প্রত্যাশা করেন।
সময়ের আলো/কেএইচ