কানাডার আলবার্টা প্রদেশের প্রধানমন্ত্রী ড্যানিয়েল স্মিথ আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে গিয়ে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, স্টুডেন্ট ভিসা কানাডায় পড়াশোনার জন্য একটি অস্থায়ী নথি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ বিষয়টি পরিষ্কারভাবে বোঝা উচিত।
ড্যানিয়েল স্মিথ বলেন, আলবার্টার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো মূলত প্রদেশের বাসিন্দাদের জন্য তৈরি। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও এখানে পড়াশোনার সুযোগ রয়েছে। তার ভাষায়, নিয়মটি সহজ— কানাডায় শিক্ষা গ্রহণ করুন এবং এরপর নিজ দেশে ফিরে গিয়ে সেই জ্ঞান ও দক্ষতা কাজে লাগান।
সম্প্রতি অনেক ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পর কাজের ভিসা বা প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ার অভিযোগ করেছেন। এ নিয়ে তারা বিক্ষোভও করেছেন। এর পরিপ্রেক্ষিতেই আলবার্টার প্রধানমন্ত্রীর এমন মন্তব্য সামনে এসেছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।
কিছু শিক্ষার্থীর অভিযোগ, কানাডায় পড়াশোনা শেষে কাজের সুযোগ বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার প্রত্যাশা দেখিয়ে তাদের কানাডায় আনা হয়েছে। তবে স্মিথের দাবি, কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমন কোর্স পরিচালনা করেছে, যেগুলো দেখে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনা শেষে কানাডায় স্থায়ীভাবে থাকার সুযোগ পাওয়ার ধারণা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, কোনো আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে এবং তার স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকলে তাকে নিজ দেশে ফিরে যেতে হবে।
সূত্র: ইকোনমিক টাইমস