কয়েক সপ্তাহ আগেও বাংলাদেশের ক্রিকেটকে ঘিরে অস্ট্রেলিয়ায় এমন আগ্রহ কল্পনা করাও কঠিন ছিল। জিম্বাবুয়ের কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর দেশের ক্রিকেটেই যখন উঠেছিল হতাশার ঢেউ, কেউ কেউ তো প্রশ্ন তুলেছিলেন, ‘বাংলাদেশ কি কেনিয়া হয়ে গেল?’ সেই ক্ষত না শুকাতেই ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হার। মনে হচ্ছিল, অস্ট্রেলিয়া সফরটা বুঝি আরও বড় দুঃস্বপ্ন হয়ে উঠতে যাচ্ছে।
কিন্তু সেখান থেকেই গল্পটা বদলে দিল নাজমুল হোসেন শান্তর দল। সব সংশয়, সমালোচনা আর হতাশাকে পেছনে ফেলে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। সেই জয় শুধু একটি টেস্টের ফল বদলায়নি, বদলে দিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশকে দেখার দৃষ্টিও। ডারউইনে যে দলটি সবাইকে চমকে দিয়েছিল, এবার সেই দলকেই নিজেদের চোখে দেখতে অপেক্ষায় অস্ট্রেলিয়ান দর্শকরা। তার সবচেয়ে বড় প্রমাণ, ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব সাধারণ দর্শকের টিকেট ম্যাচ শুরুর চার দিন আগেই শেষ।
আগামী ২২ থেকে ২৬ আগস্ট গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাকাইয়ের এই মাঠে এটিই হতে যাচ্ছে ইতিহাসের প্রথম টেস্ট। ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশের দাপুটে জয়ের পর দ্বিতীয় টেস্ট ঘিরে আগ্রহ যে এতটা বাড়বে, সেটিই এখন বাস্তব।
প্রথম দিনের সাধারণ টিকেটের পাশাপাশি বিক্রি হয়ে গেছে করপোরেট হসপিটালিটি প্যাকেজও। দ্বিতীয় দিনের টিকেটও দ্রুত শেষ হয়ে আসছে, সেটিও পূর্ণ হওয়ার পথে। টেস্টের বাকি দিনগুলোর জন্য হ্যারাপ পার্কের মাধ্যমে হসপিটালিটি প্যাকেজ এখনও পাওয়া যাচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ টিকেট বিক্রির এই সাড়ায় উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘সিরিজের শেষ ম্যাচ ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, দুই টেস্টের শক্তিশালী টিকেট বিক্রিতে তার প্রতিফলন দেখা যাচ্ছে। বিশেষ করে ম্যাকাই টেস্টের প্রথম দিনের টিকেট ম্যাচ শুরুর আগেই শেষ হয়ে যাওয়াটা দারুণ ব্যাপার।’
বাংলাদেশ ম্যাচ দিয়ে ডারউইনে ২২ বছর পর টেস্ট ক্রিকেট ফিরেছে, আর মেকাইয়ে এবারই প্রথম টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। উত্তর অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটকে ঘিরে এমন আগ্রহকে তাই বিশেষভাবে দেখছেন গ্রিনবার্গ।
‘ডারউইনে ২২ বছর পর টেস্ট ম্যাচ এবং ম্যাকাইয়ে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ আয়োজনের পর উত্তরাঞ্চলীয় অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড, পুরো অস্ট্রেলিয়া এবং বিদেশ থেকেও যে সমর্থন ও আগ্রহ দেখা যাচ্ছে, তা অসাধারণ’, বলেন তিনি।
এই আগ্রহের কেন্দ্রে যে বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটও আছে, তা অস্বীকার করার উপায় নেই। সিরিজ শুরুর আগে শক্তির বিচারে অস্ট্রেলিয়াকে এগিয়ে রেখেছিলেন প্রায় সবাই। বাংলাদেশকে নিয়ে ছিল সংশয়। অথচ ডারউইনে হাসান মাহমুদের আগুনঝরা পেস, তানজিদ হাসানের ঐতিহাসিক সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সেই হিসাবই বদলে দিয়েছে বাংলাদেশ।
এখন মেকাইয়ে দ্বিতীয় টেস্ট তাই শুধু সিরিজের আরেকটি ম্যাচ নয়। একদিকে ডারউইনের জয়কে প্রমাণ করার চ্যালেঞ্জ বাংলাদেশের, অন্যদিকে সিরিজ বাঁচানোর কঠিন পরীক্ষা অস্ট্রেলিয়ার। প্রথম টেস্টে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা স্বাগতিকদের সামনে জয় ছাড়া বিকল্প নেই।
ম্যাকাইয়ের প্রথম টেস্ট ঘিরে স্থানীয় পর্যায়েও তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। কুইন্সল্যান্ডের পরিবেশ ও পর্যটনমন্ত্রী অ্যান্ড্রু পাওয়েল বলেন, ‘টিকেটের এই অসাধারণ চাহিদা মেকাইয়ে প্রথমবার টেস্ট ক্রিকেট আয়োজনকে ঘিরে উত্তেজনা এবং আঞ্চলিক কুইন্সল্যান্ডে বড় আয়োজন করার গুরুত্বকে তুলে ধরে।’
ম্যাকাই রিজিওনাল কাউন্সিলের মেয়র গ্রেগ উইলিয়ামসনের চোখে, এই ম্যাচ পুরো অঞ্চলের জন্য বড় সুযোগ। ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মেকাইয়ের প্রথম টেস্ট ম্যাচের অংশ হতে আসছেন, এটা আমাদের অঞ্চলের জন্য অসাধারণ ব্যাপার। শক্তিশালী টিকেট বিক্রি এই আয়োজন ঘিরে উত্তেজনাটাই দেখাচ্ছে’, বলেন তিনি।
শুধু দর্শকের আগ্রহ নয়, স্থানীয় অর্থনীতিতেও এই আয়োজনের প্রভাব পড়বে বলে মনে করেন উইলিয়ামসন। ‘প্রথম দিনের টিকেট ইতিমধ্যে শেষ এবং দ্বিতীয় দিনও পূর্ণ হওয়ার পথে। মেকাইয়ের বাসিন্দাদের প্রতি আমার বার্তা খুব সহজ, এখনই টিকেট নিশ্চিত করুন, নইলে হয়তো সুযোগটি হাতছাড়া হতে পারে।’
গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার প্রধান নির্বাহী অ্যাড্রিয়ান ইয়ংও প্রথম দিনের টিকেট শেষ হওয়াকে দেখছেন ঐতিহাসিক সাফল্য হিসেবে।
‘ম্যাকাইয়ের প্রথম পুরুষ টেস্ট ম্যাচের প্রথম দিনের সাধারণ দর্শকের টিকেট শেষ হয়ে যাওয়া অসাধারণ ফল। এটি প্রমাণ করে, আমাদের কমিউনিটি এবং পুরো অঞ্চল কতটা আগ্রহ নিয়ে এই ঐতিহাসিক আয়োজনকে গ্রহণ করেছে’, বলেন তিনি।
অস্ট্রেলিয়ার ব্যস্ত ঘরের মৌসুমও শুরু হচ্ছে বাংলাদেশ সিরিজ দিয়ে। বাংলাদেশের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ। আর মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ১৫০তম বার্ষিকী টেস্ট দিয়ে শেষ হবে পুরুষ দলের আন্তর্জাতিক মৌসুম।
কিন্তু সেই দীর্ঘ মৌসুমের শুরুতেই আলো কেড়ে নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে হার থেকে ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানো, ৫৪ রানে অলআউটের লজ্জা থেকে ইতিহাসের জয়, বাংলাদেশের ক্রিকেট যেন কয়েক সপ্তাহের ব্যবধানেই বদলে গেছে।
আর সেই বদলে যাওয়া বাংলাদেশকে এবার আরও একবার নিজেদের চোখে দেখতে চান অস্ট্রেলিয়ানরা। ডারউইনে বাংলাদেশ শুধু অস্ট্রেলিয়াকে হারায়নি, নিজেদের নিয়ে কৌতূহলও তৈরি করেছে। ম্যাকাইয়ের প্রথম দিনের টিকেট শেষ হয়ে যাওয়া তাই নিছক টিকেট বিক্রির খবর নয়, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটের প্রতি বাড়তে থাকা আগ্রহেরও স্পষ্ট প্রতিচ্ছবি।
সময়ের আলো/প্রিন্ট/জেডি