ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ থেকে বেঁচে ফেরা মানুষের অভিজ্ঞতানির্ভর একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন জেনেভাভিত্তিক প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নিকোলা ওয়াদিমফ। এর নাম রাখা হয়েছে ‘হু ইজ স্টিল অ্যালাইভ’। ২০২৭ সালের ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) যাচ্ছে এই তথ্যচিত্র। অস্কারের ‘সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য এটিকে বাছাই করেছে সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ডের ‘ফেডারেল অফিস অব কালচার’-এর এক বিবৃতিতে অস্কারের মনোনয়ন কমিটি জানায়, চলচ্চিত্রটি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে প্রিয়জন হারানোর যন্ত্রণা, নিজ বাসভূমি থেকে উচ্ছেদ হওয়া এবং শেকড় ও পরিচয়ের খোঁজের মতো গভীর মানবিক বিষয়গুলোকে উন্মোচিত করেছে।
অস্কারের আয়োজক সংস্থা একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস জানিয়েছে, আগামী ডিসেম্বরে আন্তর্জাতিক বিভাগের প্রাথমিক মনোনীত ছবিগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। সেখান থেকে বাছাইকৃত চূড়ান্ত পাঁচটি মনোনীত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। পরবর্তী সময়ে ১৪ মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কার প্রদান অনুষ্ঠান।
সময়ের আলো/প্রিন্ট/জেডি