সাবেক মোসাদপ্রধান ইয়োসি কোহেনকে কৌশলগত উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন এ দায়িত্বে তিনি প্রতিষ্ঠানটির শীর্ষ সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ের আরও কাছাকাছি কাজ করবেন এবং সফটব্যাংকের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মাসায়োশি সনের সঙ্গে সরাসরি কাজ করবেন।
২০২১ সালে সফটব্যাংকে যোগ দেওয়ার পর থেকে কোহেন মূলত ইসরায়েলি প্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার দায়িত্বে ছিলেন। বিশেষ করে সাইবার নিরাপত্তা খাতে তিনি বেশ কয়েকটি বিনিয়োগে যুক্ত ছিলেন।
সফটব্যাংকের ভিশন ফান্ড-২-এর আওতায় ইসরায়েলি বাজারের দায়িত্বে থাকা কোহেন উইজ, ক্ল্যারোটি ও কেটো নেটওয়ার্কসের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিয়োগে ভূমিকা রাখেন। এসব বিনিয়োগের কয়েকটি সফটব্যাংকের জন্য উল্লেখযোগ্য মুনাফা বয়ে আনে।
নতুন দায়িত্বেও কোহেন ইসরায়েলি বাজারে কাজ চালিয়ে যাবেন। তবে তার মূল মনোযোগ থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড প্রযুক্তির জন্য ডেটা সেন্টার নির্মাণ ও অর্থায়ন এবং এআই-সংশ্লিষ্ট চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের দিকে।
প্রযুক্তি খাতের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কোহেন বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপে দীর্ঘ সময় কাটাচ্ছেন এবং এ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে বৈঠক করছেন। তবে এখন পর্যন্ত তাঁর সরাসরি অংশগ্রহণে নতুন কোনো বিনিয়োগের তথ্য জানা যায়নি।
সফটব্যাংকে যোগ দেওয়ার পর কোহেনের ভূমিকা ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। ২০২২-২৩ সালে প্রযুক্তি খাতে মন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্যায়ন কমে যাওয়ার পর ভিশন ফান্ডের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিষ্ঠান ছাড়েন। পরে কোহেন ভিশন ফান্ডের যুক্তরাষ্ট্র শাখার অধীনে কাজ শুরু করেন।
এদিকে সাম্প্রতিক বছরগুলোতে সফটব্যাংকের প্রতিষ্ঠাতা মাসায়োশি সন বিনিয়োগ কৌশলে বড় পরিবর্তন এনেছেন। ভিশন ফান্ডের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের বদলে এখন সফটব্যাংক সরাসরি এআই অবকাঠামো, ডেটা সেন্টার ও চিপ খাতে বিনিয়োগে বেশি গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে ওপেনএআই, এআরএম ও ইন্টেলের মতো প্রতিষ্ঠানে সরাসরি বিনিয়োগ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই ও টিকটকের মালিক বাইটড্যান্সের মূল্যায়ন বাড়ায় ভিশন ফান্ডের বিনিয়োগের মূল্যও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে বাইটড্যান্সের মূল্য বাড়ার কারণে ভিশন ফান্ডের বিনিয়োগের মূল্য ১৭০ কোটি ডলার বেড়েছে।
ইয়োসি কোহেন ও সফটব্যাংকের পক্ষ থেকে এ নিয়োগের বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/কেএইচ