ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

পাবনা সংবাদদাতা

সারাদেশ

পাবনার ঈশ্বরদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলার আগে তার প্রাইভেটকার লক্ষ্য করে

2026-08-20T11:32:55+00:00
2026-08-20T11:32:55+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সারাদেশ
ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
পাবনা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:৩২ এএম 
ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলার আগে তার প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছুড়ে পথরোধ করা হয়। পরে গাড়ি থামলে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার জয়নগর কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে। হামলায় শরিফুলের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম শরিফ প্রাইভেটকার চালিয়ে জয়নগরে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির সামনে থেকে গুলি ছোড়ে। এতে গাড়িটি থেমে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে তাকে গাড়ি থেকে বের করে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দলীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম শরিফ জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি উপজেলার মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। শরিফ ওই পদে প্রার্থী হতে আগ্রহী ছিলেন। তবে শেষ পর্যন্ত অন্য একজন সভাপতি নির্বাচিত হলে বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে উদ্দেশ করে একটি স্ট্যাটাস দেন। সেখানে ‘কত টাকায় সভাপতির পদ বেচলেন’—এমন মন্তব্য করা হয় বলে দলীয় সূত্রের দাবি।


এ ছাড়া শরিফসহ উপজেলা বিএনপির ছয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি দেন। এরপর থেকেই হাবিবপন্থীদের সঙ্গে শরিফের বিরোধ প্রকাশ্যে রূপ নেয় বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। তবে হামলার সঙ্গে দলীয় বিরোধের সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ঈশ্বরদী  স্বেচ্ছাসেবক দল  নেতা  কুপিয়ে জখম  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: