৪৩ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল স্বাভাবিক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে টানা প্রায় ৪৩ ঘণ্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে

2026-08-20T13:25:34+00:00
2026-08-20T13:25:34+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সারাদেশ
৪৩ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল স্বাভাবিক
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:২৫ পিএম 
ছবি : সময়ের আলো
রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে টানা প্রায় ৪৩ ঘণ্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে এ দুই রুটে বাস চলাচল শুরু হয়।

তবে গোল্ডেন লাইন পরিবহনের চলাচল নিয়ে রাজবাড়ীর পরিবহন মালিক ও শ্রমিকদের বিরোধ এখনো পুরোপুরি মেটেনি। প্রশাসনের আশ্বাসে আপাতত বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার পর গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে বাধ্য হয়ে মাহেন্দ্র, অটোরিকশাসহ ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করেন।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে গোল্ডেন লাইন নিয়ে বিরোধ এখনো সমাধান হয়নি। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চললে তাদের আপত্তি নেই। এর বেশি ট্রিপ চালাতে দেওয়া হবে না।


সুকুমার ভৌমিক আরও বলেন, মঙ্গলবারের ঘটনার পর ফরিদপুরে রাজবাড়ীর একটি বাসের গ্লাস ভাঙচুর, চালক ও হেলপারকে মারধর এবং ১৭ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে প্রশাসন বাস চলাচলের নিরাপত্তার দায়িত্ব নেওয়ায় তারা পুনরায় বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের সরকারের আমলে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের সূত্রপাত হয়। তখন ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবহন মালিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চালানোর সিদ্ধান্ত হয়। উভয় পক্ষই ওই সিদ্ধান্ত মেনে নেয়।

তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গোল্ডেন লাইন পরিবহন ওই সিদ্ধান্ত উপেক্ষা করে ধীরে ধীরে ট্রিপ বাড়াতে থাকে বলে অভিযোগ রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের। তাদের দাবি, কোনো কোনো দিন রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইনের ২৮টি পর্যন্ত ট্রিপ চলেছে। এতে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

পরিবহন সংশ্লিষ্টদের দাবি, মঙ্গলবার সকালে রাজবাড়ীতে গোল্ডেন লাইন পরিবহনের চারটি বাস চলাচলের পর অতিরিক্ত বাস চলাচলে শ্রমিকরা বাধা দেন। এর জেরে ফরিদপুরে রাজবাড়ীর বাস আটকে দেওয়া হয়। এ সময় রেখা পরিবহনের একটি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েলও বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বাস চলাচল স্বাভাবিক হলেও গোল্ডেন লাইন পরিবহনের ট্রিপ নিয়ে বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আপাতত বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সংশ্লিষ্টদের নিয়ে পরে বৈঠক করে বিরোধের স্থায়ী সমাধান করা হবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   রাজবাড়ী  ফরিদপুর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: