গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বরমী এলাকায় ডাম্প ট্রাকের চাপায় এক বৃদ্ধা এবং আগের রাতে বিদ্যুৎস্পৃষ্টে এক দিনমজুরের মৃত্যু হয়। পুলিশ উভয় ঘটনায় মরদেহ উদ্ধার করেছে।
প্রথম ঘটনায় জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তারা বানু (৭৫) নামে এক বৃদ্ধা ওষুধ কেনার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বরমী বাজারে যাচ্ছিলেন। পথে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তারা বানু মারা যান। নিহত তারা বানু উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মৃত আব্দুর হাইয়ের স্ত্রী।
এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, একই গ্রামের আব্দুল আউয়াল (৪৫), মমতাজ উদ্দিন তালুকদার (৪০) ও নুরুল ইসলাম (৩২)।
নিহতের ছেলে মো. মাইনুদ্দিন জানান, দুপুরে মা বাজারে যাওয়ার সময় দ্রুতগতির ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, অন্য এক ঘটনায় শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে পলাশ চন্দ্র (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর জেলার কাহারুল খণ্ডা গ্রামের সূর্যকান্তের ছেলে। পলাশ উপজেলার লতিফপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে ভাড়া থেকে দিনমজুরি করতেন। বুধবার রাতে কাজ শেষে গোসল করে ফেরার পর ঘরের উঠানে কাপড়ের তারে ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোই