বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম দফায় বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। নতুন করে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এর মধ্যে একজন আগে প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ গ্রহণ করেন তারা।
এ সময় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।
এছাড়া, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিসভায় সম্ভাব্য দায়িত্ব বণ্টনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আবদুল মঈন খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন আন্দালিব রহমান পার্থ। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হতে পারেন।
এ ছাড়া সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। শামীম কায়সার লিংকন পেতে পারেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।
রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হচ্ছেন। বর্তমান মন্ত্রী আফরোজা খানম (রিতা) -কে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
সময়ের আলো/এমকে