হারাতে ইসরায়েলপন্থী লবির বিপুল ব্যয়, তবু ক্যালিফোর্নিয়ায় জয় পেলেন আয়েশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিশেষ নির্বাচনে জয় পেয়েছেন প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা আয়েশা ওয়াহাব। ইসরায়েলপন্থী বিভিন্ন গোষ্ঠীর বিপুল অর্থ ব্যয়ে চালানো প্রচারণা

2026-08-22T08:49:26+00:00
2026-08-22T08:49:26+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হারাতে ইসরায়েলপন্থী লবির বিপুল ব্যয়, তবু ক্যালিফোর্নিয়ায় জয় পেলেন আয়েশা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮:৪৯ এএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিশেষ নির্বাচনে জয় পেয়েছেন প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা আয়েশা ওয়াহাব। ইসরায়েলপন্থী বিভিন্ন গোষ্ঠীর বিপুল অর্থ ব্যয়ে চালানো প্রচারণা ও আক্রমণাত্মক বিজ্ঞাপন মোকাবিলা করে এই জয় পেয়েছেন তিনি।

সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের ছেড়ে দেওয়া আসনের বিশেষ নির্বাচনে ওয়াহাব তার প্রতিদ্বন্দ্বী ও মধ্যপন্থী ডেমোক্র্যাট মেলিসা হার্নান্দেজকে হারিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলো বৃহস্পতিবার ওয়াহাবের জয়ের পূর্বাভাস দেয়।

জয়ের পর এক বিবৃতিতে ওয়াহাব বলেন, ‘যে জেলা আমাকে বড় করেছে, আমি তার জন্য লড়াই করব।’ তার ভাষায়, এই জয় প্রমাণ করেছে যে তার নির্বাচনী এলাকা ‘কেনা যায় না’।

আফগান-আমেরিকান ওয়াহাব এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রথম আফগান-আমেরিকান সদস্য হতে যাচ্ছেন। তিনি ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করবেন। সোয়ালওয়েলের মেয়াদ শেষ হবে আগামী জানুয়ারিতে।

সোয়ালওয়েল এপ্রিল মাসে পদত্যাগ করার পর এই বিশেষ নির্বাচনের আয়োজন করা হয়। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর তিনি পদ ছাড়েন। তবে অভিযোগটি তিনি অস্বীকার করেছেন।

এই নির্বাচন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলপন্থী লবির প্রভাবের আরেকটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। নির্বাচনী প্রচারণার শেষ দিকে ওয়াহাবের বিরুদ্ধে বিপুল অর্থ ব্যয় করে প্রচারণা চালায় ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলো।

আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপ্যাক) সঙ্গে সংশ্লিষ্ট সুপার পিএসি ‘ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট’ আগস্টের শুরু থেকে হার্নান্দেজকে সমর্থন জানাতে প্রায় ২৫ লাখ ডলার ব্যয় করেছে বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া এআইপ্যাকের অর্থায়ন পাওয়া আরেকটি সংগঠন ‘বোল্ড আমেরিকা’ প্রায় ১৯ লাখ ডলার ব্যয় করেছে বলে জানিয়েছে সিএনএন।

তবে বিপুল অর্থ ব্যয়ের পরও ওয়াহাবকে থামানো যায়নি। জুনের প্রাথমিক নির্বাচনে তিনি ৪২ শতাংশের বেশি ভোট পেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন। সেখানে হার্নান্দেজ পেয়েছিলেন প্রায় ১৭ শতাংশ ভোট।

নির্বাচনী প্রচারণায় পররাষ্ট্রনীতি প্রধান বিষয় না হলেও গাজা যুদ্ধ নিয়ে ওয়াহাবের অবস্থান স্পষ্ট। গত বছর তিনি ক্যালিফোর্নিয়ার একটি প্রস্তাবের সহলেখক ছিলেন, যেখানে গাজার ‘ভয়াবহ মানবিক বিপর্যয়ের’ নিন্দা জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।

এপ্রিলের এক প্রার্থী বিতর্কে ফিলিস্তিনিদের ওপর চলমান পরিস্থিতিকে গণহত্যা মনে করেন কি না— এমন প্রশ্নের জবাবে ওয়াহাব ‘হ্যাঁ’ বলেন। বিপরীতে হার্নান্দেজ সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে গাজায় ধ্বংসযজ্ঞ ‘মাত্রা ছাড়িয়ে গেছে’।

ওয়াহাব ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য আইনসভায় আবাসন ব্যয় কমানো, সামাজিক ন্যায়বিচারসহ বিভিন্ন ইস্যুতে কাজ করেছেন। বর্ণভিত্তিক বৈষম্য নিষিদ্ধে একটি বিলও প্রণয়ন করেছিলেন তিনি, যদিও পরে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সেটিতে ভেটো দেন।

নভেম্বরে ওয়াহাব ও হার্নান্দেজ আবারও মুখোমুখি হবেন। তখন ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে পূর্ণ দুই বছরের মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।

সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  যুক্তরাষ্ট্র  ভোট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: