ইউক্রেনের শপিং মলে রুশ ড্রোন হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি শপিং মলে রুশ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন

2026-08-22T10:15:37+00:00
2026-08-22T10:15:37+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ইউক্রেনের শপিং মলে রুশ ড্রোন হামলা, নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:১৫ এএম 
সংগৃহীত ছবি
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি শপিং মলে রুশ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩০ জন, যাদের মধ্যে ২৩টি শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার হামলাটি চালানো হয়। ক্রিভি রিহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর। তিনি এই হামলাকে ‘ডাবল-ট্যাপ’ হামলা হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ প্রথম দফায় ড্রোন হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, এ ধরনের হামলা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের চেয়ে কোনো অংশে কম নয়’। কয়েক ঘণ্টা পর দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান, শপিং মলে হামলার জবাব দেবে ইউক্রেন।

শুক্রবার ইউক্রেনের আরও দুটি অঞ্চলেও রুশ হামলায় প্রাণহানি হয়েছে। মাইকোলাইভ অঞ্চলে চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। খারকিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় ৬৬ ও ৭৩ বছর বয়সী দুই নারী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। সব মিলিয়ে শুক্রবার ইউক্রেনজুড়ে রুশ হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়া ১৩৫টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে ১০৭টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে।

ক্রিভি রিহ শহরটি রুশ হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এর আগে ২০২৫ সালের এপ্রিলে শহরটিতে ভয়াবহ হামলায় নয় শিশুসহ ২০ জন নিহত হয়েছিলেন।

এদিকে শুক্রবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একটি গাড়িতে আঘাত লেগে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের আরেকটি ড্রোন হামলায় রাশিয়ার পার্ম অঞ্চলের একটি তেল শোধনাগারেও আঘাত হেনেছে। ইউক্রেনের সীমান্ত থেকে ওই এলাকার দূরত্ব ১ হাজার ৬০০ কিলোমিটারের বেশি। একই সময়ে ভলগোগ্রাদ অঞ্চলের মারিনোভকা সামরিক বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর দেশটির ১৫টি অঞ্চল ও ক্রিমিয়ার ওপর ইউক্রেনের ৩২৫টি ড্রোন শনাক্ত ও ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে আরও ২১১টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মন্ত্রণালয়।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধে দুই পক্ষই নিয়মিত একে অপরের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। এদিকে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের প্রায় ১ হাজার ২৫০ কিলোমিটার দীর্ঘ সম্মুখসারিতে বড় ধরনের অগ্রগতি না হওয়ায় আকাশপথের হামলাই দুই পক্ষের গুরুত্বপূর্ণ কৌশল হয়ে উঠেছে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ইউক্রেন  রাশিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: