৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, অন্যায্য বললেন কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে কানাডা। শেষ মুহূর্তের আলোচনায় সমঝোতা না হওয়ায় শনিবার থেকে কানাডার

2026-08-22T10:30:45+00:00
2026-08-22T10:55:49+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, অন্যায্য বললেন কানাডার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৩০ এএম  আপডেট: ২২.০৮.২০২৬ ১০:৫৫ এএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে কানাডা। শেষ মুহূর্তের আলোচনায় সমঝোতা না হওয়ায় শনিবার থেকে কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে শেষ মুহূর্তে যে পরিবর্তন আনা হয়েছে, তা ‘অন্যায্য ও অর্থনৈতিকভাবে অযৌক্তিক’। এসব পরিবর্তন যেকোনো চুক্তির নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার রাতে এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, চলতি সপ্তাহের শুরুতে যে শর্তে চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছিল, শেষ পর্যন্ত কানাডা তা চূড়ান্ত করতে রাজি হয়নি। কানাডার নতুন কিছু দাবি ও আগের কিছু প্রতিশ্রুতি থেকে সরে আসায় কয়েক দিনের আলোচনায় তৈরি হওয়া ভারসাম্য নষ্ট হয়েছে বলেও দাবি করেন তিনি।

গ্রিয়ার বলেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের বাজারে অন্য বড় রপ্তানিকারকদের তুলনায় সবচেয়ে সুবিধাজনক শুল্কহার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এতে ভবিষ্যতমুখী অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ ছিল বলেও জানান তিনি।

কার্নি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে কানাডার শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য অতিরিক্ত সহায়তার ঘোষণা দেবে তার সরকার।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কানাডার প্রতি বছর যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের প্রায় ৫ শতাংশকে প্রভাবিত করবে। এসব পণ্যের মধ্যে হকি স্টিক থেকে শুরু করে চিকিৎসায় ব্যবহৃত জিহ্বা পরীক্ষার কাঠিও রয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে পণ্য ও সেবার বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৮৮০ বিলিয়ন ডলার। ফলে নতুন করে শুল্ক আরোপের অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি এর রাজনৈতিক প্রভাবও বড় হতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। তবে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে ট্রাম্প সময়সীমা আরও তিন দিন বাড়ান। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন রয়েছে। কানাডার সফটউড কাঠ আমদানি এবং কানাডার সুরক্ষিত দুগ্ধবাজারে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিয়ে দুই দেশের মধ্যে বিরোধও পুরোনো।

তবে এসব বিরোধের মধ্যেও দুই দেশ ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ মিত্র ও বাণিজ্যিক অংশীদার হিসেবে সম্পর্ক বজায় রেখেছে। ৯/১১ হামলার পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে কানাডার সেনারা। প্রায় ৫ হাজার ৫২৫ মাইল দীর্ঘ দুই দেশের সীমান্তেও কোনো সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা নেই। প্রতিদিন এই সীমান্ত দিয়ে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ এবং ২০০ কোটি ডলারের পণ্য চলাচল করে।

কিন্তু কানাডার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্পের নীতি দীর্ঘদিনের সহযোগিতামূলক অবস্থান থেকে বড় ধরনের বিচ্যুতি হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ট্রাম্প কানাডার পণ্যে শুল্ক আরোপের পাশাপাশি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়ে একাধিকবার মন্তব্য করেছেন।

এতে কানাডার জনমনে ক্ষোভও বাড়ছে। কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিট হোয়েকস্ট্রাকে বহিষ্কারের দাবিতে গত ২১ জুলাই থেকে চলা একটি আবেদনে প্রায় ২ লাখ ৪৮ হাজার মানুষ স্বাক্ষর করেছেন। ট্রাম্পের কানাডা দখল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার বক্তব্যকে স্বাভাবিক করে তোলার অভিযোগও আনা হয়েছে ওই আবেদনে।

গত বছর কানাডার মোট পণ্য রপ্তানির প্রায় ৭২ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে। তবে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসন নতুন করে বড় ধরনের শুল্ক আরোপের ব্যাপারে সতর্ক থাকতে পারে। কারণ, শুল্কের বোঝা শেষ পর্যন্ত মার্কিন আমদানিকারকদের ওপর পড়লেও তারা তা পণ্যের দাম বাড়িয়ে ভোক্তাদের ওপর চাপিয়ে দিতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষ বাড়ছে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  কানাডা  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: