গাজীপুরে কারখানায় ডাকাতি, ৩০ লাখ টাকার সুতা লুট

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরে একটি নিটিং কারখানায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল, কারখানার নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে

2026-08-22T17:04:37+00:00
2026-08-22T17:07:33+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
সারাদেশ
গাজীপুরে কারখানায় ডাকাতি, ৩০ লাখ টাকার সুতা লুট
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৫:০৭ পিএম
মির্জা অ্যাপারেলস লিমিটেড নিটিং ফ্যাক্টরি। ছবি : সময়ের আলো
গাজীপুরে একটি নিটিং কারখানায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল, কারখানার নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩০ লাখ টাকার সুতা ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত ৩টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বড় ভবানীপুর এলাকার মির্জা অ্যাপারেলস লিমিটেড নিটিং ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারখানা সংশ্লিষ্টরা জানান, রাতের কোনো এক সময় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল কারখানার বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে জানালার গ্রিল কেটে তারা কারখানার মূল অংশে ঢোকে। ডাকাতদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তল ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


কারখানার ভেতরে প্রবেশ করেই ডাকাতরা নিরাপত্তাকর্মীসহ ৫ জনকে পাটের রশি ও ফেব্রিক্স দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে রাখা হয়। পরে গেটের তালা কেটে কারখানার বিপুল পরিমাণ সুতা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতরা প্রায় ৭ হাজার ৩৫০ কেজি সুতা নিয়ে গেছে, যার বর্তমান মূল্য ৩০ লাখ টাকা। এছাড়া, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও কয়েকটি স্মার্ট ফোন নিয়ে গেছে ডাকাত দল।

কারখানার নিটিং বিভাগের সহকারী অপারেটর রাব্বি বলেন, ‘আমরা কারখানার ভেতরে ছিলাম। হঠাৎ রাত ৩টার দিকে ডাকাত দল এসে আমাদের হাত-পা বেঁধে ফেলে। দেশীয় অস্ত্র ও পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তারা সুতা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।’

কারখানার এমডি আনিসুল হক বলেন, ‘রাত ৩টার দিকে কারখানা থেকে আমাকে ফোন করা হয়েছিল। কিন্তু মোবাইল চার্জে থাকায় ফোনটি রিসিভ করতে পারিনি।’

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   গাজীপুর  কারখানা  ডাকাতি  সুতা  লুট  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: