রাজধানীর তেজগাঁও থানা হঠাৎ পরিদর্শন করে সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত ও সহজ পুলিশি সেবা নিশ্চিতের তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকেলে থানার সার্বিক পরিবেশ, কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তিনি এ সফর করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী ডিউটি অফিসারের রুম, প্রশাসনিক বিভাগ, তদন্ত কর্মকর্তাদের কক্ষ, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও মেস ঘুরে দেখেন। সেখানে দায়িত্বরত সদস্যদের আবাসন সুবিধা, খাবারের গুণমান এবং শিফটিং ডিউটির পরিবেশ সম্পর্কে সার্বিক খোঁজখবর নেন।
একই সঙ্গে থানায় জিডি বা সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের নানা অভিজ্ঞতার কথা শোনেন মন্ত্রী। এ সময় তিনি নাগরিকের অভিযোগগুলো দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সাথে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন।
সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, থানাকে যেকোনো সাধারণ মানুষের নিরাপত্তার প্রধান আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। নাগরিকরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় আসতে পারেন এবং কোনো মাধ্যম ছাড়া নিজের সমস্যা সরাসরি জানাতে পারেন– আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে আইজিপি মো. আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডি