ময়মনসিংহ নগরের একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। চাঁদা হিসেবে দাবিকৃত পাঁচ লাখ টাকা না দেওয়ায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চিকিৎসক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহানগর ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার ১ মিনিট ৪৮ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, এক নারী চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসক আশিকুর রহমানকে মারধর করছেন। এ সময় পাশে থাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান (প্রতীক) মুঠোফোনে ঘটনাটি ধারণ করেন। একপর্যায়ে তিনিও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমান নগরের জিলা স্কুলের পাশের গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি চেম্বারে বিড়ালের চিকিৎসা ও পোষা প্রাণীর আনুষঙ্গিক উপকরণ বিক্রি করেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন চিকিৎসক মো. আশিকুর রহমান। অভিযোগে ছাত্রদল নেতা তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগে আশিকুর রহমান দাবি করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা চেম্বারে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। এতে তিনি প্রতিবাদ করলে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়।
তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে চেম্বারের কর্মী ঈশান আহমেদ, তাঁর স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আশিকুর রহমান আরও অভিযোগ করেন, হামলার পর চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে চেম্বারের বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে।
হামলার পেছনে চাঁদা দাবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বিরোধ ও এক বছর আগের একটি ঘটনাও রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক আশিকুর রহমান। তাঁর দাবি, আফরিন রশিদ সেঁজুতি নামের ওই নারী একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবের ঘটনাকে কেন্দ্র করে তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য এক চিকিৎসককে নিয়ে লেখালেখির পেছনে আশিকুরের হাত রয়েছে— এমন ভুল ধারণা থেকেও হামলা হয়ে থাকতে পারে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান (প্রতীক)কে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।
ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/আতা