সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি’- তে বিষাক্ত গ্যাস নিঃসরণে ১০ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
শনিবার (২২ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্কপের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল।
তিনি বলেন, পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার তাগিদেই শ্রমিকেরা ইয়ার্ডে কাজ করতে আসেন, কিন্তু কর্মক্ষেত্রে কোনো শ্রমিকের অবহেলাজনিত মৃত্যু মেনে নেওয়া যায় না। হংকং কনভেনশন বাস্তবায়ন বাধ্যতামূলক হওয়ার পরও কীভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় জাহাজ কাটার অনুমতি দেওয়া হলো— সে বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার ও রাতে ইয়ার্ড চালু রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়।
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত বলেন, কিছু মালিকের মুনাফার লোভ এবং পরিবেশ ও ইলিশের বংশবৃদ্ধি ধ্বংসকারী এমন শিল্প খাতের প্রয়োজনীয়তা নিয়ে এখন ভাববার সময় এসেছে।
সংবাদ সম্মেলন থেকে স্কপ নেতারা জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা নির্ধারণ করে অবিলম্বে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের জোর দাবি জানান।
অনুষ্ঠানে স্কপের যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতন ও মো. খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই