খাগড়াছড়িতে বজ্রপাতে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহালছড়ি উপজেলায় বজ্রপাতে একই পরিবারের স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইসছড়ি ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উসিমং মারমা (৫৫) ও তার স্ত্রী চাইয়্যাং মারমা (৪৫)। তারা ওই এলাকার বাসিন্দা। এই মৃত দম্পতির চার সন্তান রয়েছে।
নিহতদের বড় ছেলে আখং মারমা জানান, সন্ধ্যায় ঝুম বৃষ্টির সময় তার মা ঘরের দরজায় এবং বাবা উঠোন থেকে ঘরে প্রবেশ করছিলেন। এ সময় আকস্মিক তীব্র বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বজ্রপাতে ঘরের সোলার প্যানেলসহ বেশ কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে তাদের দাহক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।
এদিকে, একই দিন খাগড়াছড়ি সদর উপজেলার ৫ নম্বর ভাইবোনছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়া পাড়ায় এলাকার বাসিন্দা মঙ্গল শুভা চাকমা (২৮) নামে এক নারীর বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গল শুভ চাকমা ১ নং ওয়ার্ড ভাইবোন ছড়া ইউনিয়নের তাং তিং চাকমার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারী ঘরের কাজে যখন বাইরে যায় হঠাৎ বজ্রপাতে উঠানে তার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, মাইসছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। একই সময়ে ভাইবোনছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়া পাড়ায় এলাকার আরও এক নারীর মৃত্যু হয়েছে।
সময়ের আলো/জোই