নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের গ্রামে সশস্ত্র হামলায় ৬০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে অপহৃতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে বর্গু স্থানীয় সরকার এলাকার কপেনিয়া মসজিদে হামলা চালানো হয়। এর আগে গিদান-জানা ও কপেনিয়া গ্রামেও হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা।
পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানিয়েছেন, অপহরণের খবর তারা পেয়েছেন। তবে হামলায় কেউ নিহত হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। অপহৃতদের উদ্ধারে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যৌথ নিরাপত্তা দল মোতায়েন করা হয়েছে।
হামলা থেকে বেঁচে যাওয়া জিব্রিল আহমাদ লাকুরাওয়া নামের একটি সশস্ত্র গোষ্ঠীকে হামলার জন্য দায়ী করেছেন। তার দাবি, জুমার নামাজ শেষে শত শত অস্ত্রধারী বন্দুক, ছুরি ও দা নিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায়।
আহমাদ জানান, এ সময় মাহমুদা নামের আরেকটি সশস্ত্র গোষ্ঠী সেখানে এসে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন অপহৃত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
ফেডারেল আইনপ্রণেতা জাফারু মোহাম্মদ জানিয়েছেন, আশপাশের আরও কয়েকটি গ্রামেও হামলা হয়েছে। লাকুরাওয়া গোষ্ঠীর মতাদর্শের বিরোধিতা থেকেই মাহমুদা সদস্যরা হামলাকারীদের প্রতিহত করতে সংঘর্ষে জড়ায় বলে তিনি জানান।
সূত্র : আল জাজিরা
সময়ের আলো/এমকে