কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফে মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। এসব অভিযানে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২৫ লাখ টাকা। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান নাফ নদীর গোলারচর হয়ে শাহপরীর দ্বীপসংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
এই তথ্যের ভিত্তিতে গত ২৪ আগস্ট রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর দ্বীপের সদস্যরা ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঝাউবনের ভেতর পলিথিনে মোড়ানো একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পুটলির ভেতর থেকে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া আইসের এই চালানের সঙ্গে জড়িত অন্য মাদক কারবারি ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, এর আগে গত ২৩ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থানার কেরুনতলী এলাকায় আরও একটি পৃথক অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এক মাদক কারবারিকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই