রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার পেছনে মানবিকতার পাশাপাশি নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষাও কাজ করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম। তিনি বলেন, ‘নোবেল পুরস্কার আসেনি, একজন রোহিঙ্গাও ফেরত যায়নি।’
সোমবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতিবন্ধকতাসমূহ : আন্তর্জাতিক রাজনীতি ও জাতীয় অগ্রাধিকার’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
শামসুল ইসলাম বলেন, ‘শুধুমাত্র মানবিক কারণে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়নি। এর পেছনে উদ্দেশ্য ছিল। আর তা ছিল নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা। নোবেল পুরষ্কার আসেনি, একজন রোহিঙ্গাও ফেরত যায়নি।’
তিনি বলেন, রোহিঙ্গা সংকট এখন আর শুধু বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বিষয় নয়। এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক সামরিক কর্মকর্তা ও সাবেক কূটনীতিকরা অংশ নেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন কয়েকজন আন্তর্জাতিক বিশ্লেষক।
সময়ের আলো/এমকে