হরমুজে উত্তেজনা, ৪৫ ট্যাংকারকে জরিমানা ও জব্দের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নিয়ম ভঙ্গের অভিযোগে ৪৫টি তেলবাহী ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। একই সঙ্গে এসব জাহাজের

2026-08-24T19:45:55+00:00
2026-08-24T19:48:53+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে উত্তেজনা, ৪৫ ট্যাংকারকে জরিমানা ও জব্দের হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:৪৫ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৭:৪৮ পিএম
হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল করছে। ছবি : রয়টার্স
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নিয়ম ভঙ্গের অভিযোগে ৪৫টি তেলবাহী ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। একই সঙ্গে এসব জাহাজের সঙ্গে পণ্য স্থানান্তরে জড়িত অন্য কোনো জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে দেশটি। গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এমন পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের নতুন গঠিত পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ জানিয়েছে, কালো তালিকাভুক্ত জাহাজগুলোকে জরিমানা করা, আটক করা এবং তাদের বহন করা পণ্য জব্দ করা হতে পারে। 

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যেই ইরানের পক্ষ থেকে এই সতর্কবার্তা এলো। এর আগে তেহরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে ‘ধ্বংসাত্মক’।

ইরানের প্রকাশিত তালিকায় অত্যন্ত বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাংকার এবং পরিশোধিত জ্বালানি বহনকারী জাহাজ রয়েছে।

তালিকাভুক্ত কয়েকটি জাহাজের মালিক সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি লজিস্টিকস অ্যান্ড শিপিং, এডিএনওসির সহযোগী প্রতিষ্ঠান ন্যাভিগএইট ট্যাংকারস এবং সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহরি।

ইরানের কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তালিকাভুক্ত জাহাজগুলোর সঙ্গে জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তরে যুক্ত যেকোনো জাহাজকেও ভবিষ্যতে কালো তালিকাভুক্ত করা হতে পারে।

ইরানের পোস্টে তাদের ‘নিয়ম’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা বিস্তারিত বলা হয়নি। তবে এর আগে তেহরান জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের আগে জাহাজ মালিকদের ইরানের অনুমতি নিতে হবে। একই সঙ্গে নিরাপত্তা ও অন্যান্য সেবার জন্য তাদের অর্থ পরিশোধের কথাও বলা হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রও ইরান-সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর নৌ অবরোধ আরোপ করেছে।

ইরান-সংঘাতের কারণে ট্যাংকার চলাচল ব্যাহত হওয়ার আগে উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের দৈনিক অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ সরবরাহ করা হতো।

হরমুজ প্রণালির বাইরে অপেক্ষমাণ বড় তেলবাহী জাহাজগুলোতে তেল পৌঁছে দিতে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ট্যাংকারগুলোকে নীরবে প্রণালি পার করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তেল রপ্তানির কিছু অংশ আবারও স্বাভাবিক হতে শুরু করেছে।

মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট শুক্রবার এক্সে বলেন, হরমুজ প্রণালি দিয়ে বের হওয়া তেলের সাত দিনের গড় পরিমাণ দৈনিক ৮০ লাখ ব্যারেলের বেশি। তাঁর ভাষায়, মার্কিন নৌবাহিনীর সহায়তায় হরমুজ প্রণালি দিয়ে তেল চলাচল করছে।


কালো তালিকায় আরও রয়েছে ক্লাভেনেস শিপ ম্যানেজমেন্ট, স্টল্ট ট্যাংকারস এবং দক্ষিণ কোরিয়ার সিনোকর-এর মালিকানাধীন জাহাজ।

এডিএনওসি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্য শিপিং কোম্পানিগুলোও রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে কোন কোন জাহাজ নিয়ম মেনে চলছে না, তার হালনাগাদ তালিকা পণ্য মালিকদের দেখে নিতে হবে।

কালো তালিকা থেকে নাম সরাতে চাইলে সংশ্লিষ্ট জাহাজকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যাসহ আবেদন করতে হবে বলে জানানো হয়েছে।

ইরানের কালো তালিকায় থাকা ৪৫টি জাহাজের নাম ও আইএমও নম্বর হলো— কিকু (৯৩২৯৭৯৬), মুবারাজ (৯০৭৪৬২৬), মিনোয়ান পাইওনিয়ার (৯৪৭১৬৩০), হাফিত (৯৯২৮০০৯), আল রেকায়াত (৯৩৯৭৩৩৯), ওয়েদইয়ান (৯৫২৪৯৭০), সাইপ্রাস প্রসপারিটি (৯৫৯৫২১৬), আল রাওদাহ (৯৭৩৪৫১৩), রাশিদা (৯৪৪৩৪১৩), লেব্রেথাহ (৯৯৭৬৯২৭), লিলা ভাদিনার (৯৩২৪১০০), মাহা রুস (৯২৩১০০৪), জিএফএস গ্যালাক্সি (৯৪০১২৭১), আল বাহইয়াহ (৯৯৩৭৭৯৯), মোম্বাসা বি (৯৭৩৯৫০১), স্টল্ট ম্যাগনেসিয়াম (৯৭৩৯৩১৭), আল ওয়াতান (৯৬১৫০৩০), ন্যাভিগএইট মেসি (৯৪৮২৮৫৯), সিঙ্গাপুর প্রসপারিটি (৯৪১৯৯৬৭), দিশা (৯২৫০৭১৩), গ্যাসলগ সাংহাই (৯৬০০৫২৮), লুবনা (৯৪৮৯০৬৫), হাজি ১ (৭৮০২৫৯৮), রিউজিন (৮২০৬৮১৮), আনা বারবারা (৯৪০৭৫০০), সানবার্ড অ্যারো (৯৩২৩৮২১), মিনোয়ান ডিগনিটি (৯২৯৪৪৮৪), মারিয়া (৯৯১৭৮২৮), কাভোমালিয়াস (১০৪২৮২৩), মারদান (৯৩৬০৪৫৩), সুইডেন প্রসপারিটি (৯৫৮৮৩৯২), জারনাইন (৯৮২৩৫৪৬), কাইফান (৯৬৫৬০৪৬), নিসোস কিয়া (৯৯২০৭৫৮), রটারডাম এনার্জি (৯৫০৮৮৫৯), আল হামরা (৯০৭৪৬৪০), উম্ম আল আশতান (৯০৭৪৬৫২), ম্যারিগোল্ড এলএনজি (৯২৩০০৬২), বানাস্টার (৯২২৮০৪৫), নাভারা (৯২৪১৭৯৮), নিসোস হেরাক্লিয়া (৯৪১৯৬১৮), ব্লু স্টার ১ (৯২১৫১১৫), অ্যাশলি (৯২৫৮৪৬৬), ম্রাওয়েহ (৯০৭৪৬৩৮) এবং আল লুলু (৯৫৮৩৬২৭)।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এই জলপথে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন বিধিনিষেধ ও কালো তালিকা ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে তেল সরবরাহ ও জাহাজ চলাচলে আরও বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   হরমুজ প্রণালি  ট্যাংকার  জরিমানা  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: