প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৮:৫৩ এএম আপডেট: ২৬.০৮.২০২৬ ৮:৫৪ এএম
কিছু ব্যপারে সতর্ক থাকলে বৃষ্টিতে ভিজে গেলেও সমস্যা পোহাতে হবে না। ছবি : এআই সকাল হতে না হতেই বৃষ্টি শুরু, থামার কোনো লক্ষণ নেই। এদিকে, সময়মতো অফিসে পৌঁছাতেই হবে। তাই বৃষ্টি মাথায় নিয়েই বের হওয়া ছাড়া উপায় নেই। এমন পরিস্থিতিতে অফিস যাওয়ার পথে অনেক সময় ভিজে যেতে হয়। তখন শরীর ও প্রয়োজনীয় জিনিসপত্রের সুরক্ষায় কিছু বাড়তি সতর্কতা জরুরি।
পা পরিষ্কার করে নিন
অফিসে পৌঁছানোর পর প্রথমেই অ্যান্টিসেপটিক সাবান দিয়ে পা ভালোভাবে ধুয়ে নিন। বৃষ্টিতে রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে যায়। ফলে, পায়ে ময়লা ও জীবাণু লেগে থাকতে পারে, যা পরে ফাঙ্গাস বা সংক্রমণের কারণ হতে পারে। ভেজা মোজা পরে থাকলে দ্রুত খুলে ফেলুন এবং সম্ভব হলে পা শুকিয়ে নিন।
চুল শুকিয়ে ফেলুন
ভেজা চুল নিয়ে দীর্ঘ সময় বসে থাকা অস্বস্তিকর। অফিসে তোয়ালে থাকলে চুল ভালোভাবে মুছে নিন। প্রয়োজনে ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিতে পারেন।
ভেজা পোশাক বদলে বা শুকিয়ে নিন
বৃষ্টিতে ভিজে গেলে সবচেয়ে ভালো হয় শুকনো পোশাক পরে নেওয়া। তবে, অফিসে পোশাক বদলের সুযোগ না থাকলে ফ্যানের বাতাসে যতটা সম্ভব পোশাক শুকিয়ে নিন। দীর্ঘ সময় ভেজা কাপড়ে থাকা অস্বস্তি ও ঠান্ডাজনিত সমস্যা বাড়াতে পারে।
মোবাইল-ল্যাপটপের যত্ন নিন
বৃষ্টির পানিতে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ বা অন্য ইলেকট্রনিক ডিভাইস ভিজে গেলে দ্রুত শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ভেজা অবস্থায় এগুলো ব্যবহার না করাই ভালো।
আগেই প্রস্তুত থাকুন
বর্ষাকালে হঠাৎ বৃষ্টি শুরু হওয়া খুবই স্বাভাবিক। তাই ব্যাগে সবসময় একটি ছাতা বা রেইনকোট রাখতে পারেন। সঙ্গে ছোট তোয়ালে বা রুমাল রাখলে ভিজে যাওয়ার পর কাজে আসবে। মোবাইল ফোন বা ঘড়ির মতো জিনিস পানির হাত থেকে বাঁচাতে কয়েকটি জিপলক প্যাকেটও ব্যাগে রাখা যেতে পারে। এগুলো না থাকলে পলিথিনও সাময়িকভাবে ব্যবহার করা যায়। পানি প্রতিরোধী ব্যাগ ব্যবহার করলে বৃষ্টির সময় ব্যাগের ভেতরের প্রয়োজনীয় জিনিসপত্রও তুলনামূলক নিরাপদ থাকে। সবচেয়ে বড় ব্যপার, ব্যাগে একটা বাড়তি পোশাক রাখতে পারেন। সেক্ষেত্রে সহজেই পোশাক বদলে নিতে পারবেন।
সময়ের আলো/মহু