বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ওঠার লড়াই ভারতের জন্য আরও কঠিন ও শঙ্কার হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে জিতলেও কলম্বোয় দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হওয়ায় পয়েন্ট টেবিলে কাঙ্ক্ষিত উন্নতি করতে পারল না শুভমান গিলরা।
সোনাল দিনুশার অনবদ্য ও ধৈর্যশীল ইনিংসে শ্রীলঙ্কা ফলো-অনের পর ম্যাচ ড্র করতে সমর্থ হওয়ায় হতাশ হতে হয়েছে ভারতীয় শিবিরকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া (১০ ম্যাচে ৮ জয়) এবং দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে টানা দুবারের ফাইনালিস্ট ও গতবারের আসর থেকে ছিটকে যাওয়া ভারতের অবস্থা এবারও বেশ নড়বড়ে।
চলতি সাইকেলে ১১টি টেস্টের মধ্যে মাত্র ৫টিতে জয় এবং ৪টিতে পরাজয় দেখেছে তারা। কলম্বো টেস্ট জিততে পারলে পয়েন্ট শতাংশ বেড়ে দাঁড়াত ৫৭.৫৮ শতাংশে। কিন্তু ম্যাচটি ড্র হওয়ায় বর্তমানে ৫১.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আটকে আছে ভারত, যা বাংলাদেশের অবস্থানেরও নিচে।
ফাইনালে ওঠার রেসে টিকতে হলে ভারতের সামনে থাকা বাকি ৮টি টেস্টের অন্তত ৭টিতেই জয় আবশ্যক। কিন্তু এর মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ রয়েছে, যেখানে ২০০৯ সালের পর কোনো টেস্ট জিততে পারেনি তারা। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের এই ড্র ভারতকে মানসিকভাবে ও সমীকরণের দিক থেকে চরম সংকটের মুখে ঠেলে দিল।
সময়ের আলো/টিকে