বিশ্বজুড়ে অভিবাসী ভিসাপ্রার্থীদের সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে এ সিদ্ধান্ত অ-অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এর সঙ্গে সমন্বয় করে কিছু ভিসা সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। যাদের সাক্ষাৎকার আগে নির্ধারিত ছিল, তাদের নতুন তারিখ ই-মেইলে জানানো হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ফাইন্যান্সিয়াল টাইমস প্রথম এ স্থগিতাদেশের খবর প্রকাশ করে। পরে রয়টার্স তাদের প্রতিবেদন সংশোধন করে জানায়, সিদ্ধান্তটি সব ধরনের ভিসার জন্য নয়, শুধু অভিবাসী ভিসার সাক্ষাৎকারের ক্ষেত্রে প্রযোজ্য।
পররাষ্ট্র দফতর বলছে, প্রশিক্ষণের মাধ্যমে কনস্যুলার কর্মকর্তাদের এমন আবেদনকারী শনাক্তে সহায়তা করা হবে, যারা যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। একই সঙ্গে ভিসাপ্রার্থীদের মূল্যায়ন আরও সামগ্রিক ও ধারাবাহিক করার লক্ষ্য রয়েছে।
ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসন ঠেকানোর পাশাপাশি বৈধ অভিবাসন প্রক্রিয়াতেও কড়াকড়ি বাড়িয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং আবেদন প্রত্যাখ্যানের ঘটনাও ঘটছে।
এর আগে বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের অভিবাসী ভিসা স্থগিতের একটি নীতি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে। এক বিচারক ওই নীতি বাতিল করে বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
সময়ের আলো/এমকে