ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ৮৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২৪৮ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৮৩ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৬৮ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯৮ জন ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন ১৫০ জন।
এ ছাড়া খুলনায় ২০৫ জন, বরিশালে ১১০, চট্টগ্রামে ১০৯, রাজশাহীতে ৭৩, ময়মনসিংহে ৩৮ এবং রংপুর বিভাগে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, দেশে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা যায় ২০২৩ সালে। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ এবং মৃত্যু হয় ৪১৩ জনের।
এ বছর মৃত্যুহীন দিন এলেও নতুন রোগী ভর্তির সংখ্যা এখনো উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সময়ের আলো/এমকে