রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া এক নারী আসামির পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি থানা থেকে কৌশলে পালিয়ে যান। ঘটনায় যাত্রাবাড়ী থানার সংশ্লিষ্ট একজন উপপরিদর্শক (এসআই) এবং ৩ জন কনস্টেবলকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
ডিএমপির ওয়ারি বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাতক আসামির নাম মিতু আক্তার। তবে কীভাবে ওই আসামি থানা থেকে পালালেন এবং ওই সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ বলছে, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়। আজই শেষ দিন ছিল। দুপুরে তাকে আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কৌশলে গেটের তালা খুলে তিনি পালিয়ে যায়। নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এই সুযোগ কাজে লাগিয়ে আসামি থানা থেকে বের হয়ে গেছে।
এডিসি বলেন, মিতু নামে এক নারী আসামিকে হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এ সুযোগকে কাজে লাগিয়ে ওই নারী কৌশলে থানা থেকে পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, তিন দিনের রিমান্ড শেষে আজ মিতুকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু তার আগেই সে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। তাকে খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। আশা করছি, শিগ্গির তাকে আবারও গ্রেফতার করা সম্ভব হবে।
সময়ের আলো/আতা