যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারমাণবিক খাতে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের নানা সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বৈঠকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উল্লেখ করেন, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানো এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ স্মল মডুলার রিঅ্যাক্টরের (এসএমআর) মতো আধুনিক ও নিরাপদ প্রযুক্তি গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পারমাণবিক শক্তির দায়িত্বশীল ব্যবহারে বাংলাদেশের দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি যুক্তরাষ্ট্রসহ অগ্রসর প্রযুক্তিধর দেশগুলোর সঙ্গে যৌথ অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বাংলাদেশের সঙ্গে পারমাণবিক ও জ্বালানি খাতে সহযোগিতার ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি জানান, পরবর্তী প্রজন্মের আধুনিক পারমাণবিক প্রযুক্তি এবং এসএমআরের দ্রুত উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করার জোর তাগিদ দেয়। একই সঙ্গে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা ও পারমাণবিক বিজ্ঞান প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে দুই দেশ যৌথভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে।
সময়ের আলো/জেডি