‘গাছগুলোকে হত্যা করা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে হবে’

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের ‘গাছ হত্যাকারী’ উল্লেখ করে আগামী ৪৮

2026-08-28T21:24:28+00:00
2026-08-28T21:24:28+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘গাছগুলোকে হত্যা করা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে হবে’
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৯:২৪ পিএম 
উপড়ে ফেলা গাছ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : সময়ের আলো
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের ‘গাছ হত্যাকারী’ উল্লেখ করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার বাবনি এলাকায় উপড়ে ফেলা গাছগুলো পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গাছ শুধু গাছ নয়, এটা একটি জীবন। আমি বলব, এই গাছগুলোকে হত্যা করা হয়েছে। যারা এই কাজ করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।

তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষকে অক্সিজেন দেয়। অনেক যত্ন ও সময়ের পর একটি চারা বড় গাছে পরিণত হয়। এভাবে রাতের আঁধারে গাছ উপড়ে ফেলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রশাসনের দায়িত্ব ছিল কে বা কারা এই গাছগুলোকে হত্যা করেছে, তা খুঁজে বের করা। এখন দুই দিন চলে গেলেও তারা কিছুই করতে পারেনি। আমি প্রশাসনের দিকে নির্দেশ করব, ৪৮ ঘণ্টার মধ্যে যেন গাছ হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতার করা হয়।

ডেপুটি স্পিকার আরও জানান, দুর্বৃত্তরা গাছ উপড়ে ফেললেও বৃক্ষরোপণ কর্মসূচি বন্ধ হবে না। একই স্থান থেকে আবারও নতুন করে বৃক্ষরোপণ শুরু হয়েছে। এখন আরও প্রায় ১ হাজার ২০০টি গাছের চারা লাগানো হবে। পাশাপাশি রোপণ করা গাছের সুরক্ষা ও পরিচর্যার ব্যবস্থাও করা হবে।

তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, এই গাছগুলো শুধু সরকারের নয়, এগুলো আমাদের সবার সম্পদ। সবাইকে গাছ রক্ষায় এগিয়ে আসতে হবে। একটি গাছ রক্ষা করা মানে একটি জীবন রক্ষা করা।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে কলমাকান্দা উপজেলার বাবনি এলাকায় সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।


সময়ের আলো/এনএন
  বিষয়:   গাছ হত্যা  গ্রেফতার  ডেপুটি স্পিকার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: