মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্তে বলাই দাস নামে এক ভারতীয় চোরাকারবারি দলের সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। বৃহস্পতিবার রাতে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সাথে বন্দুকযুদ্ধে বলাই দাস নামে এক ভারতীয় চোরাকারবারি আহত হন। পরে তাকে অস্ত্রসহ আটক করে বিজিবি।
ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুমারশাইল এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে আটককৃতকে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। শুক্রবার (২৮ আগস্ট) বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় একটি চোরাকারবারি দল উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে।
সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলিবর্ষণ করে। চোরাকারবারি দলের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক (চোরাকারবারি) বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিয়ানীবাজার ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, অভিযানে আটক বলাই দাস বিজিবির হেফাজতে চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে এ ঘটনায় বড়লেখা থানায় পৃথক দুটি মামলা করেছে বিজিবি। আটক ভারতীয় নাগরিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আতা